ক্ষমা চাইলেন ম্যারাডোনা
না, এবার কোনো ম্যারাডোনা-সুলভ কাণ্ড করেননি। সমর্থকদের লাথি বা কাউকে তীব্র ভাষায় আক্রমণ, কোনোটাই নয়। তার পরও ডিয়েগো ম্যারাডোনা ক্ষমা চাইলেন। কারণ তাঁর দল আল ওয়াসল যে হেরেছে ৫-০ গোলে। পরশু ইতিসালাত কাপে দুবাইয়ের বিপক্ষে এই বিশাল পরাজয় হজম করতে হয় আল ওয়াসলকে। চার ম্যাচে দুটো জয়, আর দুটো পরাজয়—এই হলো কাপে ম্যারাডোনার দলের আপাতত অর্জন। গ্রুপ পর্বে ইতিসালাত কাপে ম্যাচ হবে মোট ১০টি।প্রথমার্ধ শেষে বোঝাই যায়নি এমন বিশাল পরাজয় অপেক্ষা করছে আল ওয়াসলের জন্য। প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৭০ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থাকা আল ওয়াসল শেষ ২০ মিনিটে আরও চারটি গোল হজম করে। ম্যাচের পর ম্যারাডোনা বলেছেন, ‘এই পরাজয়ের জন্য আল ওয়াসল সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। আমি খুবই দুঃখিত। টানা দুটো জয় নিয়ে আমরা ঠিক পথেই এগোচ্ছিলাম। এখন আমাদের পেছনের দিকে নয়, তাকাতে হবে সামনে। আশা করি, এই পরাজয় দলকে মানসিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত করবে না। তবে এ থেকে আমাদের শিখতে হবে।’ এএফপি, ওয়েবসাইট।