ক্ষমা চাইলেন রামদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেফাফাটা শনিবার থেকেই পকেটে নিয়ে মাঠে ছিলেন। কিন্তু সুযোগটা মিলল পরদিন। টিম ব্রেসনানকে স্কয়ার লেগে ঠেলে দিয়ে পৌঁছে গেলেন সেই জাদুকরি অঙ্কে। আবেগময় এক উদ্যাপন। পকেট থেকে বের করলেন কাগজটি। উঁচিয়ে ধরলেন ক্যামেরার দিকে: ‘ইয়াহ ভিভ টক না।’ ম্যাচের আগে তাঁর কড়া সমালোচনা করেছেন ভিভ রিচার্ডস। ১৫২ রানে ৫ উইকেট নেই—এই জটিল পরিস্থিতিতে মাঠে নেমে অপরাজিত সেঞ্চুরি করেই রিচার্ডসকে পাল্টা জবাব দিয়েছেন দিনেশ রামদিন। অবশ্য এ আচরণের কারণে কাল ক্ষমাও চেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই উইকেটরক্ষক।ট্রেন্টব্রিজে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে হেরে যাওয়ার পর পুরো দলেরই সমালোচনা করেন রিচার্ডস। দুই ইনিংস মিলে মাত্র ৭ রান করা রামদিনের ওপর সমালোচনার চাবুকটা হয়তো একটু জোরেই আঘাত হেনেছিল। রিচার্ডস বলেছিলেন, রামদিনের ‘বড় ধরনের অবনতি হয়েছে’, রামদিনকে দেখে মনে হয়েছে ‘পুরোপুরি বিভ্রান্ত-পথভ্রষ্ট’। রিচার্ডসের সমালোচনাই জাগিয়ে তুলেছিল তাঁকে, কিছু একটা করে দেখানোর প্রতিজ্ঞা নিয়েছিলেন। রামদিন তাই তৃপ্ত, ‘স্যার ভিভ সংবাদমাধ্যমে কিছু মন্তব্য করেছিলেন, যেটা আমাকে আহত করেছিল। আমার সেই আবেগেরই প্রকাশ এটি। তার পরও বলব, তিনি ক্যারিবীয় কিংবদন্তি। আমি এখনো তাঁকে অনুসরণ করি। কোথাও কোনো দিন দেখা হলে আমি তাঁকে ডেকে নেব, খানিকটা সময় কাটাব।’এ ঘটনা তাঁদের ব্যক্তিগত সম্পর্কেও কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি, ‘তার মন্তব্য আমাকে আহত করেছে। আমি কঠোর পরিশ্রম করে সমালোচকদের মিথ্যা প্রমাণ করেছি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেশ কিছুদিন বাইরে ছিলাম। আন্তর্জাতিক ক্রিকেট আমি অবশ্যই ভালোবাসি, মাঠে নেমে পারফর্ম করতে চাই।’ এএফপি, ওয়েবসাইট।