ক্ষমা চাইলেন রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েইন রুনি
ওয়েইন রুনি

ব্রিটিশ সংবাদমাধ্যমের ধাতই এমন। নিজেদের দল নিয়ে সব সময়ই বাড়াবাড়ি রকম উচ্ছ্বাস করে। অতিরঞ্জনও থাকে। সেসব বাদ দিয়েও এবারের ইংল্যান্ড দলটার মধ্যে সত্যিকারের সম্ভাবনা দেখছিলেন অনেকে। দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি আর উরুগুয়ের সঙ্গে মৃত্যুকূপে পড়লেও পরের পর্বে ঠিকই উঠবে ‘থ্রি লায়ন’রা—এমন আশাবাদী লোকের সংখ্যাও কম ছিল না।
কিন্তু প্রথম দুই ম্যাচই হেরে বিশ্বকাপের মহাসড়ক থেকে ছিটকে পড়েছে রয় হজসনের দল। এক ম্যাচ হাতে রেখে বিমানের ফিরতি টিকিট নিশ্চিত করতে হয়েছে জেরার্ড-রুনিদের। প্রিয় দলের এই লজ্জাজনক পারফরম্যান্সে হতাশ সমর্থকেরা। সমর্থকদের এই যন্ত্রণা হয়তো টের পাচ্ছেন ওয়েইন রুনিও। নিজেদের হতাশাজনক পারফরম্যান্সের জন্য তাই সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ইংলিশ স্ট্রাইকার।
কোস্টারিকার কাছে ইতালির হার বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বিদায় নিশ্চিত করে দেয় শুক্রবার। পরপরই রুনি নিজের ফেসবুক পেজে হাজির হয়েছেন কাতর কণ্ঠ নিয়ে, ‘বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে আমরা বিধ্বস্ত। প্রতি ম্যাচেই আমরা আত্মবিশ্বাসী ছিলাম, কিন্তু দুঃখজনকভাবে সবকিছু আশানুরূপ হয়নি। আমরা সমর্থকদের কাছে ক্ষমাপ্রার্থী, আমাদের আরও ভালো করা উচিত ছিল।’
ইংল্যান্ডের এমন হারের কারণ খুঁজছেন ফুটবলবোদ্ধারা। রুনির ক্লাব সতীর্থ সাবেক ইংল্যান্ড ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড যেমন মনে করছেন, উরুগুয়ের সঙ্গে ড্রয়ের জন্য না খেলে বোকামিই করেছে রয় হজসনের দল। ইংল্যান্ডের হয়ে তিনটি বিশ্বকাপ খেলা এই ডিফেন্ডারের কথা, ‘ইংল্যান্ড থাকলে বিশ্বকাপ আরও সুন্দর হতো। কিন্তু টিকে থাকার যোগ্যতা তো আপনাকে অর্জন করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে সেটি হয়নি। ১-১ গোলে সমতা থাকা অবস্থায় উরুগুয়ের সঙ্গে আমাদের উচিত ছিল এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকা আর পরের ম্যাচের জন্য অপেক্ষা করা। কিন্তু সেই সুযোগ তো আমরা নিইনি।’
উরুগুয়ের সঙ্গে একটা গোল করা ছাড়া দুই ম্যাচে ঠিক প্রত্যাশিত পারফরম্যান্স হয়নি রুনির। সমালোচনার তির ছুটছে তাঁর দিকে। তবে সহানুভূতিও পাচ্ছেন অনেকের। জার্মানির সাবেক অধিনায়ক মাইকেল বালাক যেমন দাঁড়িয়েছেন রুনির পাশে। ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকারকে যাঁরা বিশ্বকাপ দলে দেখতে চাননি, তাঁদের সরাসরি ‘উন্মাদ’ বলে দিয়েছেন সাবেক চেলসি মিডফিল্ডার, ‘আমি তো ইংল্যান্ড দলে একজনকেই দেখলাম যে খেলায় পার্থক্য গড়ে দিতে পারে। একজনই ছিল বিশ্বমানের, যে অন্য দলগুলোকে ভোগাতে পারত। আর সেখানে কিছু মানুষ ওকে বাদ দিতে বলছিল। এটা স্রেফ পাগলামি। তবে ইংল্যান্ডের এই দলটা দুই বছর আগের দল থেকে অনেক ভালো। রয় হজসনের উচিত রুনিকে কেন্দ্র করে দলকে খেলানো।’
বিশ্বকাপ থেকে দল বিদায় নিলেও কোচ হজসনের পাশে থাকছেন ইংল্যান্ডের সাবেক কোচ গ্রাহাম টেলর। তাঁর কথা ‘তরুণেরা কেমন করে, তা আমরা দেখতে চেয়েছিলাম। ওদের খেলা যথেষ্ট আশাব্যঞ্জক। সামনে ওরা আরও ভালো করবে আশা করি।’
আগামী পরশু নিয়মরক্ষার ম্যাচে ইংল্যান্ড দাঁড়াবে এই বিশ্বকাপের চমক কোস্টারিকার সামনে। এ ম্যাচে ইংলিশ খেলোয়াড়দের শরীর মাঠে থাকলেও মন হয়তো থাকবে না! এমন বিপর্যয়ের পর খেলায় মন বসানো তো আসলেই খুব কঠিন। তথ্যসূত্র: গোল ডটকম, রয়টার্স।