ক্ষমা চাইলেন লুকাকু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলজিয়াম দলটির মূল স্ট্রাইকার তিনি। পরপর দুই ম্যাচে প্রথম একাদশে থেকেও গোল পাননি। রাশিয়ার সঙ্গে গ্রুপ ম্যাচটির প্রায় এক-তৃতীয়াংশ বাকি থাকতে তাঁকে তুলে নেওয়াটা মেনে নিতে পারেননি। রোমেলু লুকাকুর প্রতিক্রিয়াটা গিয়েছিল সীমা ছাড়িয়ে। ওই ম্যাচের ৫৭ মিনিটে মাঠ ছেড়ে যাওয়ার পর কোচ মার্ক উইলমটসের সঙ্গে হাত মেলালেও বুটে লাথি মেরে ডাগ-আউটে বসে গজগজ করছিলেন।
তবে উইলমটস কাল সংবাদ সম্মেলনে জানালেন লুকাকু তাঁর আচরণের জন্য ক্ষমা চেয়েছেন, ‘আমি ওর সঙ্গে কথা বলেছি। আমি জানি ওর কেমন লাগছিল। ১৯৯৪ বিশ্বকাপে আমার ক্ষেত্রেও এমন হয়েছিল। কী হয়েছে সেটা নিয়ে বসে থাকার মানুষ আমি নই। ও ক্ষমা চেয়েছে আর অনুশীলনেও ছিল বেশ মনোযোগী।’ ইএসপিএন৷