ক্ষমা চাইলেন শাহরুখ
আইপিএল শিরোপা পাল্টে দিয়েছে শাহরুখ খানকে! নিজের কঠোর অবস্থান থেকে সরে এসে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) কর্মকর্তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খান।‘ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমার দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি আমি। তাঁদের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি, যারা আমাকে সেদিন ভিন্নভাবে দেখেছেন। আমার ও রকম আচরণ করা ঠিক হয়নি। কিন্তু আজ আমার দল জিতেছে। তাই আমার ধারণা, ভক্তরা ক্ষমা করে দেবেন আমাকে। শেষ পর্যন্ত আমরা জিতেছি’—আইপিএলের পঞ্চম আসরে এসে শিরোপা জয়ের পর এভাবেই নিজের আচরণের জন্য ক্ষমা চেয়ে নেন বলিউড সুপারস্টার।শাহরুখ খান বলেন, ‘গৌতম গম্ভীর ও তাঁর দল নিয়ে আমি গর্বিত। দলের সব খেলোয়াড়ের পরিবারের ভিডিও আমার কাছে রয়েছে। একটা ভিডিওতে মানবিন্দর বিসলার মা-বাবা ছেলেকে নিয়ে কথা বলছিলেন। এখন আমার মতো নিশ্চয় তাঁরাও গর্বিত। বাংলার মানুষকে আমি বলতে চাই, এই দলটা আপনাদের জন্যই।’১৬ মে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচের শেষের অনেক পরে মাঠে ঢোকা নিয়ে নিরাপত্তাকর্মীদের সঙ্গে ঝামেলা হয় শাহরুখের। এমসিএর অভিযোগ, নিরাপত্তাকর্মীদের লাঞ্ছিত করেন বলিউড তারকা, এমসি কর্মকর্তাদেরও গালিগালাজ করেন। ঘটনার রাতেই মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ করে এমসিএ। এমসিএর কোষাধ্যক্ষ রবি সাবান্ত পরদিন বলেছিলেন, ‘ওয়াংখেড়েতে আজীবন নিষিদ্ধ করা হবে শাহরুখকে।’ তবে আজীবন নয়, ১৮ মে তাঁকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে এমসি।শাহরুখ ঘটনার শুরু থেকেই বলে এসেছেন, এ ঘটনার জন্য মোটেও ক্ষমা প্রার্থনা করবেন না। উল্টো এমসিএ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনেন তিনি। সূত্র: পিটিআই।