ক্ষমা চাইলেন সানের সাবেক সম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ বছর পর আদালত রায় দিয়েছেন, হিলসবরো ট্র্যাজেডি কোনো দুর্ঘটনা নয়, ওটা ছিল ‘বেআইনি হত্যা’। আর সেই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছিল পুলিশের দায়িত্বে অবহেলার কারণেই। হিলসবরো ট্র্যাজেডির পর ব্রিটিশ ট্যাবলয়েড সান পুরো ঘটনার জন্য দায়ী করেছিল লিভারপুল সমর্থকদের। পরশু আদালতের রায়ের পর তাই ক্ষমা চেয়েছেন সান পত্রিকার তৎকালীন সম্পাদক কেলভিন ম্যাকেঞ্জি।
১৯৮৯ সালের ১৫ এপ্রিল হিলসবরো স্টেডিয়ামে লিভারপুল ও নটিংহাম ফরেস্টের মধ্যে এফএ কাপের সেমিফাইনাল ম্যাচ চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় লিভারপুলের ৯৬ জন সমর্থক নিহত হন, আহত হন ৭৬৬ জন। ওই ঘটনার চার দিন পর সান পত্রিকায় এক পাতাজুড়ে পুলিশের পক্ষে সাফাই গেয়ে সংবাদ ছাপা হয়েছিল। পুরো ট্র্যাজেডির জন্য দায়ী করা হয়েছিল সমর্থকদের। যে কারণে পরে দীর্ঘদিন সানকে বয়কট করেছিল মার্সিসাইড।
তবে পরশু আদালত এক রায়ে বলেছেন, সাউথ ইয়র্কশায়ারের পুলিশ ইচ্ছাকৃতভাবে পত্রিকাটিকে ভুল তথ্য দিয়েছিল এবং সানও সেটি ছাপে যাচাই না করেই। সেই সময় নিজের ভূমিকার জন্য আগেও ক্ষমা চেয়েছেন সান-এর তখনকার সম্পাদক কেলভিন ম্যাকেঞ্জি। পরশু আদালতের রায়ের পর সেই ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন সরাসরি, ‘আমি আগেও বলেছি, সেদিন আমি যে শিরোনাম প্রকাশ করেছিলাম, সেটি ভুল ছিল। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি পুলিশের বক্তব্যে প্ররোচিত হয়েছিলাম। এটা এমন একটা ভুল, যার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত।’
পরশু আদালতের রায়ের পর আবেগাপ্লুত ছিলেন হিলসবরো ট্র্যাজেডিতে নিহত সমর্থকদের স্বজনেরা। কাল নিহত সেই সমর্থকদের জন্য লিভারপুলের সেন্ট জর্জ হলে আয়োজিত হয়েছে একটি স্মরণসভাও। এএফপি।