ক্ষমা চাইলেন সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে বোধোদয় হয়েছে লুইস সুয়ারেজের। ইতালি ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড়ে দেওয়া উরুগুইয়ান স্ট্রাইকার ক্ষমা চেয়েছেন কিয়েলিনি এবং ফুটবলবিশ্বের কাছে। কাল নিজের টুইটারে সুয়ারেজ লিখেছেন, ‘পরিবারের সঙ্গে কয়েক দিন কাটানোর পর আমি ঠান্ডা মাথায় ইতালি-উরুগুয়ে ম্যাচ নিয়ে ভেবেছি। যা হয়েছে তার জন্য আমি অনুতপ্ত। সত্যিটা হলো, কিয়েলিনির সঙ্গে আমার সংঘর্ষের সময় সে আমার দাঁতের আঘাত পেয়েছে। এ জন্য কিয়েলিনি আর গোটা ফুটবলবিশ্বের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমি শপথ করে বলছি, এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না।’
সুয়ারেজ ক্ষমা চাওয়ার ঘণ্টা খানেক পরেই টুইটারে সেটার জবাব দিয়েছেন কিয়েলিনিও। ইতালিয়ান ডিফেন্ডার লিখেছেন, ‘সব ভুলে গেলাম। আশা করি, ফিফা তোমার শাস্তি কমিয়ে দেবে।’
কিয়েলিনিকে কামড়ানোর ঘটনায় সুয়ারেজকে ৯ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। পাশাপাশি আগামী চার মাস সব ধরনের ফুটবল থেকে নির্বাসনে থাকতে হবে তাঁকে।
উরুগুইয়ান স্ট্রাইকারের কামড়-কাণ্ড এবং তাঁকে দেওয়া ফিফার শাস্তি নিয়ে ফুটবলবিশ্বেও চলছে নানান বিতর্ক। সুয়ারেজকে এত কঠিন শাস্তি দেওয়ায় ফিফার সমালোচনা করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। অন্যদিকে ফিফার পক্ষ নিয়েছেন পেলে। ‘বিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। আমরা যারা মাঠে খেলেছি, কখনো এমন কাণ্ড দেখিনি। আমি মনে করি, ফিফা সঠিক সিদ্ধান্তই নিয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে’—বলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। পেলের সঙ্গে একমত অধিনায়ক এবং কোচ হিসেবে বিশ্বকাপ জেতার অনন্য রেকর্ড গড়া ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও। তবে ম্যারাডোনা প্রত্যুত্তর দিতে সময় নেননি একদমই। শুধু তা-ই নয়, সরাসরি আক্রমণ করে বসেছেন দুই কিংবদন্তিকে। বলেছেন, ‘এই দুজন জাদুঘর থেকে হামাগুড়ি দিয়ে বের হবে আর বোকার মতো কথা বলবে। দুজনই বদ্ধ উন্মাদ।’
ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারকে খুশি করতেই পেলে-বেকেনবাওয়ার এসব কথা বলছেন বলেও মনে করেন ম্যারাডোনা, ‘ওদের নিশ্চয়ই বলা হয়েছে, এই কথাগুলো না বললে পরের মাসে ফিফা থেকে বেতন দেওয়া হবে না। ফিফা ওদের বেতন দেয়। ওরা ফিফার পক্ষে বলবে, সেটাই তো স্বাভাবিক।’ এএফপি, ফক্স স্পোর্টস।