ক্ষমা চাইলেন সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদা চোখে দেখতে গেলে স্রেফ একটা করমর্দন। কিন্তু এটাই আবারও তাতিয়ে তুলল ইংলিশ ফুটবল। পরশু ম্যানইউ-লিভারপুল ম্যাচের আগে এভরার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান সুয়ারেজ। এ ঘটনার পর অ্যালেক্স ফার্গুসন সুয়ারেজকে লিভারপুলের মতো উজ্জ্বল ইতিহাসের একটি ক্লাবের জন্য ‘কলঙ্ক’ আখ্যা দিয়েছেন। সুয়ারেজকে ক্লাব থেকে বের করে দেওয়ারও পরামর্শ তাঁর। পেশাদার ফুটবলারদের সংগঠনের (পিএফএ) পক্ষ থেকেও কড়া সমালোচনা করা হয়েছে। সমালোচনার মুখে শেষ পর্যন্ত এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার।এটাই হয়তো হতে চলেছে ফুটবলের সবচেয়ে আলোচিত ‘না হওয়া’ করমর্দন! ম্যাচের আগে ভাবা হয়েছিল, দুজনের হাত মেলানোর মধ্যেই সমাধি হবে সব বিতর্কের। লিভারপুলের কোচ কেনি ডালগ্লিসও আভাস দিয়েছিলেন, প্যাট্রিস এভরার সঙ্গে হাত মিলিয়ে সৌহার্দ্যের জয়গান গাইবেন সুয়ারেজ। কিন্তু ম্যাচের শুরুতে দুই দলের হাত মেলানোর সময় ঘটল অপ্রত্যাশিত ঘটনা। এভরাকে এড়িয়ে সুয়ারেজ হাত বাড়িয়ে দিলেন ডেভিড ডি গিয়ার দিকে!এভরাও সুয়ারেজের হাত একরকম খামচে ধরে হ্যাঁচকা টানে টেনে আনতে চেয়েছিলেন। সুয়ারেজ যেমন করমর্দন করবেন না বলে পণ করেছিলেন, এভরারও যেন প্রতিজ্ঞা ছিল, করমর্দন করবেনই! শেষে রেফারি ফিলিপ ডাউড এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেন।কিন্তু শুরুর এ ঘটনা পুরো ম্যাচে বারুদ জ্বালিয়ে রাখল। প্রথমার্ধের বিরতির সময় টানেলে দুই পক্ষের মধ্যে ‘খণ্ডযুদ্ধ’ও হয়েছে বলে খবর। ম্যাচ শেষে জয়ে উল্লসিত এভরা ইচ্ছা করে সুয়ারেজের সামনে দাঁড়িয়ে উদ্বাহু নেচেছেন। এভরার সেই নাচ নিশ্চয়ই গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল সুয়ারেজের। কিন্তু একেবারে মাথা হেঁট করে ওল্ড ট্রাফোর্ড ছেড়েছেন এই উরুগুইয়ান।ম্যাচ শেষেও থাকল শুরুর এই বিতর্কিত ঘটনা। দুই কোচের সংবাদ সম্মেলনেরও বড় অংশজুড়ে থাকল সুয়ারেজের করমর্দন না করার ব্যাপারটি। ক্ষিপ্ত অ্যালেক্স ফার্গুসন মন্তব্য করলেন, ‘ও লিভারপুল ক্লাবের জন্যই একটা কলঙ্ক। লিভারপুলের হয়ে ওকে আর খেলতে দেওয়া উচিত হবে না। ক্লাবটির যে ইতিহাস, তাতে এ ঘটনা যেকোনো মুহূর্তে একটা দাঙ্গাও তৈরি করে ফেলতে পারত। ও যা করেছে তা ভয়ংকর।’ অবশ্য ডালগ্লিস সুয়ারেজকে ঢালাওভাবে খলনায়ক বানিয়ে ফেলার জন্য একরকম চটেই গেলেন, ‘আজ যা ঘটেছে, সবকিছুর জন্যই সুয়ারেজকে দায়ী করাটা হবে বাড়াবাড়ি।’অনেকেই বলছেন, পরশুর ম্যাচে আসলে করমর্দনের পর্বটা এড়িয়ে যাওয়াই উচিত ছিল। তবে ফার্গুসন একমত নন, ‘এই দেশে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জন বার্নসের (লিভারপুলের কৃষ্ণাঙ্গ উইঙ্গার) যুগ থেকে ফুটবল অনেক এগিয়ে এসেছে, যে যুগে দর্শক বার্নসের উদ্দেশে কলা ছুড়ে মারত। আমরা আবার সেই যুগে ফিরে যেতে পারি না।’সমালোচনার মুখে সুয়ারেজ ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন কাল। তিনি অনুতপ্ত বলেও জানিয়েছেন, ‘ম্যাচের পর কোচের সঙ্গে কথা হয়েছে। আমি ভুল বুঝতে পেরেছি। শুধু কোচকে নয়, ক্লাবকেও হতাশ করেছি। যা হয়েছে তার জন্য দুঃখিত। একটা ভুল করেছি, এর জন্য আমি ক্ষমাপ্রার্থী। এভরার সঙ্গে আমার হাত মেলানো উচিত ছিল। আমার আচরণের জন্য ক্ষমা চাইছি। পুরো ঘটনা পেছনে ফেলে এখন ফুটবলে মনোনিবেশ করতে চাই।’ এএফপি, রয়টার্স।