ক্ষমা চাইলেন সেপ ব্ল্যাটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবল জনমতের চাপে দৃঢ় শাসকও শেষ পর্যন্ত মাথা নিচু করেন। সেপ ব্ল্যাটারের পরিণতিও কি তা-ই হলো? তা না হলে নিজের মতের বিপক্ষে দাঁড়িয়ে ফিফা সভাপতি কেন ক্ষমা চাইবেন!রেফারি জার্মানির বিপক্ষে ল্যাম্পার্ডের ‘গোল’টা বৈধ ঘোষণা না করায় এবং আর্জেন্টিনার বিপক্ষে কার্লোস তেভেজের অফসাইড গোলকে বৈধ ঘোষণা করায় ক্ষমা চেয়েছেন ব্ল্যাটার, ‘আমি দুই দলের প্রতিনিধিদের কাছেই ক্ষমা চেয়েছি।’ শুধু ক্ষমাই চাইলেন না। কয়েক বছর ধরে যে কথা বলে আসছিলেন, তার সম্পূর্ণ বিপরীতে গিয়ে গোললাইন প্রযুক্তি নিয়ে নতুন চিন্তাভাবনা করার কথাও দিলেন। ফুটবলে প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে বল গোললাইন অতিক্রম করেছে কি না, সেটা বোঝার জন্য প্রযুক্তির ব্যবহারের দাবি আজকের নয়। কিন্তু এর আগে যতবারই ব্যাপারটি আলোচনায় এসেছে, ফিফা প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছে।চলতি বিশ্বকাপে ইংল্যান্ড-জার্মানি ম্যাচের পর আবার আলোচনায় এসেছে এই প্রযুক্তির প্রসঙ্গ। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের শট গোললাইন অতিক্রম করার পরও গোল না দেওয়ায়ই শোরগোলটা তৈরি হয়েছে। প্রযুক্তি ব্যবহারের দাবি তুলেছিলেন খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পর্যন্ত, ‘আমরা বলছি না যে আমাদের প্রতারণা করে হারিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ফিফারও এখন আরেকটু এগোনোর সময় এসেছে। আমি ক্রিকেট আর টেনিস খেলারও ভালো দর্শক। ক্রিকেটে থার্ড আম্পায়ার অসাধারণ সংযোজন। এখন ফুটবলও এ রকম কিছু ভাবতে পারে।’এই একই দাবি তুলে খেলোয়াড়দের সংগঠন ফিপ্রোর সাধারণ সম্পাদক টিজ টামারস বলছেন, ‘জার্মানি-ইংল্যান্ড ম্যাচের ভুলটা অনায়াসেই এড়ানো যেত। গোললাইন প্রযুক্তির বিপক্ষে একটা শক্ত যুক্তিও তো শুনলাম না!’ গোললাইন প্রযুক্তির পক্ষে কথা বললেন পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজও।কুইরোজ মানছেন, চলতি বিশ্বকাপে আর কিছু করার নেই। কিন্তু ফুটবলে প্রযুক্তির কোনো বিকল্পও দেখছেন না তিনি, ‘আমি বিশ্বাস করি, ভবিষ্যতে ফুটবলে প্রযুক্তির ব্যবহার হতে পারে। সেটা খেলার বিশ্বাসযোগ্যতাটাই বাড়াবে।’এসব কথায় কাজ হবে না বলেই মনে হচ্ছিল। কারণ, ফিফা মুখপাত্র নিকোলাস মেইনগট বলছিলেন, ফিফা তার সিদ্ধান্ত থেকে সরে আসবে না। ফুটবলে প্রযুক্তির ব্যবহার নিয়ে তাদের পরীক্ষা-নিরীক্ষা করার কোনো ইচ্ছে নেই। তবে মেইনগট বলছেন, মাঠে খেলার রিপ্লে সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে আসবে ফিফা। কারণ, দর্শকরা রিপ্লেতে বিতর্কিত দৃশ্য দেখে উত্তেজিত হয়ে পড়চেন। ফিফা অবশ্য আরও একটি পদক্ষেপ নিয়েছে। ইংল্যান্ড-জার্মানি ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত দেওয়ার পরই রেফারি জর্জ লারিয়োন্দা ও লাইন্সম্যান মাউরিসিও এসপিনোসাকে সার্বক্ষনিক নিরাপত্তা দেওয়া ব্যবস্থা করেছে। যদি লারিয়োন্দাদের এই রেফারি দলটা এরপরও দায়িত্বে বহাল থাকেন, তো নিরাপত্তাই বহাল থাকবে।কিন্তু অবাক করলেন খোদ সেপ ব্ল্যাটার। তিনি বলছেন, ‘এই বিশ্বকাপে যে অভিজ্ঞতা আমাদের হলো, তাতে এখন গোললাইন প্রযুক্তি বিষয়ে চিন্তাটা আবার শুরু না করা অবশ্যই বোকামি হবে। রেফারিরা যেসব ভুল করেছেন, দেখে আমার খুবই অনুতাপ হয়েছে। রেফারিরা মোটেও তাঁদের সেরা ম্যাচ পরিচালনা করেননি। রেফারিদের এসব ভুলে হতাশ হয়েছি। আমি ক্ষমাও চেয়েছি।’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।