ক্ষমা চাইলেন স্কলারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কলারি যেন ক্লান্ত-বিধ্বস্ত। ছাত্রদের নির্দেশ দেওয়ার শক্তিটুকুও হারিয়ে বসে আছেন। পরশু এস্তাদিও মিনেইরাওতে l রয়টার্স, এএফপি
স্কলারি যেন ক্লান্ত-বিধ্বস্ত। ছাত্রদের নির্দেশ দেওয়ার শক্তিটুকুও হারিয়ে বসে আছেন। পরশু এস্তাদিও মিনেইরাওতে l রয়টার্স, এএফপি

কী ব্যাখ্যা দিতে পারতেন লুইস ফেলিপে স্কলারি? চাইলে নেইমার-থিয়াগো সিলভাদের অনুপস্থিতির কথা তুলতে পারতেন। কিন্তু এমন হারের আসলে কোনো ব্যাখ্যা হয় না। অজুহাত তো নয়ই! ব্রাজিল কোচও কোনো অজুহাত না খুঁজে হারের দায়টা তুলে নিয়েছেন নিজের কাঁধে। নত শিরে ক্ষমা চেয়েছেন দেশবাসীর কাছে। যেন যুদ্ধে পরাজিত সেনাপতির অসহায় আত্মসমর্পণ!
পেশাদার ফুটবলের সঙ্গে স্কলারির বসবাস ১৯৭৩ সাল থেকে। কোচিংয়েই আছেন ৪৪ বছর ধরে। কিন্তু প্রতিপক্ষের কাছে এমন বিধ্বস্ত কমই হয়েছেন। ৭-১ গোলের হারে স্কলারি স্তব্ধ, হতভম্ব, ‘এটাই আমার জীবনের সবচেয়ে বাজে দিন। কিন্তু জীবন থেমে থাকবে না। কোচ হিসেবে ৭-১ হারটা সারা জীবনই তাড়িয়ে বেড়াবে আমাকে। কিন্তু দায়িত্ব নেওয়ার সময়ই আমি এই ঝুঁকির কথাটা জানতাম।’
প্রত্যাশা ছিল ঘরের মাঠে বিশ্বকাপ জিতে ১৯৫০ বিশ্বকাপের দুঃখ চাপা দেবেন। উল্টো শিকার হলেন একটি বিশ্বকাপ ট্র্যাজেডির। স্কলারিও জানেন এর কোনো সান্ত্বনা হয় না, ‘ব্রাজিলের মানুষ এবং সমর্থকদের কাছে আমার একটাই বার্তা, আমরা তাই করেছি, যা আমরা করতে পারতাম। আমরা আমাদের সেরাটাই করেছি।’ জয়ের পুরো কৃতিত্ব জার্মানিকে দিয়ে ব্রাজিল কোচ যোগ করেছেন, ‘আমরা অসাধারণ দক্ষ দুর্দান্ত একটা দলের কাছে হেরেছি। যারা অসাধারণ দক্ষতায় মাত্র ৬ মিনিটের মধ্যেই ৪ গোল করে ম্যাচের ছবিটা পাল্টে দিয়েছে।’
টমাস মুলার ১১ মিনিটেই জার্মানিকেই এগিয়ে দেন বটে, তবে ব্রাজিলিয়ানদের দুমড়ে-মুচড়ে দিয়েছে আসলে ২৩ থেকে ২৯—৬ মিনিটের ছোট্ট সেই ঝড়। ব্রাজিলিয়ান রক্ষণকে এলোমেলো করে দিয়ে ৬ মিনিটের মধ্যেই ক্লোসা, টনি ক্রুজ, স্যামি খেদিরারা ৪ গোল করে জার্মানিকে এগিয়ে দেন ৫-০–তে। স্কলারিও বলছেন ওই ঝড়ই শেষ করে দিয়েছে সব, ‘৬ মিনিটে ৪ গোল খাওয়াটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। কিন্তু এটাই ঘটেছে। এমনকি জার্মানিও হয়তো এমনটা বিশ্বাস করতে পারেনি।’
দলের এই ব্যর্থতার দায় কি তাঁরও নয়? দল নির্বাচনে ভুল, ভুল ছিল ট্যাকটিকসেও। দোষ স্বীকার করে স্কলারি সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন করজোড়ে, ‘দয়া করে এই ভুলের জন্য আমাদের ক্ষমা করবেন। ফাইনালে উঠতে না পেরে আমরা দুঃখিত।’ নিজের কাঁধে তুলে নিয়েছেন ব্যর্থতার দায়, ‘এর দায়দায়িত্ব কার? এই বিপর্যয়কর ফলের দায় আমরা পুরো দলই বহন করতে পারি। কারণ খেলোয়াড়েরা তেমনটাই বলছে এবং চাইছে। কিন্তু আমিই দলের ট্যাকটিকস, লাইনআপ বেছে নিয়েছি। কাজেই দায় যদি কারও থেকে থাকে সে আমার।’ এমনকি নেইমার থাকলেও দলের এই বিপর্যয় এড়ানো যেত বলে মনে করেন না স্কলারি, ‘আমি মনে করি না নেইমার থাকলেও ভিন্ন কিছু হতো। সে স্ট্রাইকার। সে দলে থাকলেও জার্মানি সম্ভবত এমন কিছুই করত। কারণ সেও বুঝতে পারত না দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম গোলটি কীভাবে ডিফেন্ড করতে হতো।’
১৩ জুলাই মারাকানার ফাইনালে খেলার স্বপ্ন ধূলিসাৎ। স্কলারির দৃষ্টি এখন ১২ জুলাইয়ের তৃতীয় স্থাননির্ধারণী ম্যাচের দিকে, ‘এমন ফল কেউ প্রত্যাশা করেনি। তবে এখন আমাদের অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করতে হবে। শনিবারের ম্যাচের জন্য আমাদের অনুপ্রেরণা খুঁজতে হবে।’ স্কলারি শেষে বলেছেন আসল কথাটা, ‘হেরেছি বলেই জীবন শেষ হয়ে যায়নি। জীবন এগিয়ে যাবেই।’ এএফপি, ওয়েবসাইট।