ক্ষমা চাইলেন হোন্ডা
বিশ্বকাপ শুরুর আগে অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন জাপানি মিডফিল্ডার কেইসুকে হোন্ডা। তেমন কিছু তো ঘটেইনি বরং গ্রুপপর্ব থেকে একমাত্র ড্রয়ের স্বাদ নিয়ে বিদায় নিতে হচ্ছে ব্লু-সামুরাইদের। নিজেদের পারফরম্যান্সে হতাশ জাপািন খেলোয়াড়েরা। হতাশ তাঁদের সমর্থকেরাও। ব্যর্থতার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন হোন্ডা।
তবে এটিকে কঠিন বাস্তবতা বলছেন এই এসি মিলান তারকা, ‘হতাশ হলেও এটিই নির্মম বাস্তবতা।’ বিশ্বকাপের আগে নিজের দেওয়া কথা না রাখতে পারায় দুঃখ প্রকাশ করেন হোন্ডা, ‘বলেছিলাম বিশ্বকাপ জিততে পারি। তবে আমি দুঃখিত, তার কিছুই হয়নি। আমাদের আরও অপেক্ষা করতে হবে।’
কলম্বিয়ার কাছে বড় ব্যবধানে হারের পর হতাশা প্রকাশ পেল কোচ আলবার্তো জাকেরনির কণ্ঠেও, ‘এটি সত্যি হতাশাজনক। আমরা কলম্বিয়ার সঙ্গে ভালোই খেলেছিলাম। হয়তো আরও ভালো কিছু করতে পারতাম।’
তবু কলম্বিয়া ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট কোচ, ‘শুরু থেকেই গোলের জন্য খেলেছিলাম। কিন্তু কলম্বিয়ার পাল্টা আক্রমণগুলো ছিল দুর্দান্ত। আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। তবে এটা ভালো একটি ম্যাচ ছিল।’ গোলডটকম।