ক্ষমা চেয়ে পার পেলেন এমিলিরা
শৃঙ্খলা ভেঙেও বাফুফের নমনীয় মনোভাবে শাস্তির হাত থেকে বেঁচে গেলেন মোহামেডানের ফুটবলাররা। বাফুফের কারণ দর্শাও নোটিশ পেয়ে পরশু তাঁরা ক্ষমা চেয়ে বাফুফেকে চিঠি দেন। বাফুফে ক্ষমা করে দিয়েছে। ভারতগামী জাতীয় দলের সঙ্গে তাই কাল অনুশীলন করেছেন এমিলি, মামুন খান, তপু বর্মণ, হেমন্ত ও ইমন বাবু। মোহামেডানের ছয় ফুটবলারের অন্যতম জাহিদ অবশ্য চোটকে কারণ দেখিয়ে ক্যাম্পে যোগ দিচ্ছেন না।
২৫ ফেব্রুয়ারি নির্ধারিত দিনে এই ফুটবলাররা রিপোর্ট করেননি। মোহামেডান কোচ রুই ক্যাপেলা নাকি তাঁর পরিকল্পনা নিয়ে কাজ করার সুবিধার্থে ওই দিন এই খেলোয়াড়দের ছাড়েননি। তবে কারণ যা-ই হোক, বাফুফের নির্দেশ মানছেন না ক্লাব-খেলোয়াড়েরা। জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা দেখাচ্ছেন না অনেক খেলোয়াড়ই, ক্যাম্পে আসেন খেয়াল-খুশিমতো। বাফুফের দুর্বলতার সুযোগ নিচ্ছেন ওই খেলোয়াড়েরা।
জামাল খেলবেন: ডেনমার্কপ্রবাসী মিডফিল্ডার জামাল ভূঁইয়া কোপেনহেগেন থেকে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন ভারতে। ম্যাচটা হবে আগামী ৫ মার্চ।