ক্ষমা চেয়ে লাভ হলো, চাকরি ফিরে পেলেন সঞ্জয় মাঞ্জরেকার
ধারাভাষ্যকারের চাকরি ফিরে পেলেন সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। গত মার্চে স্টার স্পোর্টসের চাকরি হারিয়েছিলেন সাবেক এই ভারতীয় ক্রিকেটার। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে সঞ্জয়কে ধারাভাষ্য দিতে দেখা যায়নি। সুনীল গাভাস্কার, লক্ষণ শিবারামাকৃষ্ণা, হর্শা ভোগলেরা ধারাভাষ্যে থাকলেও ছিলেন না মাঞ্জরেকার। আইপিএলের ধারাভাষ্য দলেও থাকার কথা ছিল না। কিন্তু ভাগ্য ভালো মাঞ্জরেকারের। আইপিএলের আগেই সঞ্জয় চাকরি ফিরে পেলেন।
আজ থেকে শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) খেলা দেখাবে ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টস। আর টুর্নামেন্টে সঞ্জয় থাকবেন ধারাভাষ্যকারের দায়িত্বে। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি, ‘সিপিএল প্রায় চলে এসেছে। এখন আর তর সইছে না। সবাই আমাকে জানান, কার কোন দল পছন্দ, কে জিতবে শিরোপা। ১৮ আগস্ট সন্ধ্যা ৭টা থেকে স্টার স্পোর্টস ইন্ডিয়াতে থাকব আমি। আমরা প্রথমবারের মতো সিপিএলের হিন্দি সম্প্রচার দেখাব।’
১৯৯৮ সাল থেকে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করছেন এই সাবেক ভারতীয় ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রীর পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে সঞ্জয় এসেছিলেন ধারাভাষ্যকারের চাকরিতে। দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকার পরও গত কয়েক বছরে বেশ কয়েকবার বেফাঁস মন্তব্য করে বিপদে পড়েছেন সঞ্জয়।
গত বছর সঞ্জয় তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার ক্রিকেটীয় সামর্থ্য নিয়ে মন্তব্য করেন। ক্ষুব্ধ হয়ে জাদেজাও কড়া জবাব দিয়েছিলেন। ধারাভাষ্যের সময় সহকর্মী হর্শা ভোগলে পেশাদার ক্রিকেট না খেলায় তাঁর ক্রিকেট জ্ঞান নিয়েও প্রশ্ন তুলে সমালোচিত হয়েছিলেন। পরে অবশ্য ক্ষমা চেয়েছিলেন সঞ্জয়। গত বিশ্বকাপের সময় পক্ষপাতমূলক ধারাভাষ্যের জন্য অস্ট্রেলীয় এক নাগরিক সঞ্জয়ের বিরুদ্ধে আইসিসির কাছে চিঠি দিয়েছিল। এত কিছুর পর গত মার্চে সঞ্জয় চাকরি হারান।
এরপর চাকরি ফেরত পাওয়ার জন্য বিসিসিআইয়ের কাছে দুই দফা মেইল করেন সঞ্জয়। ধারাভাষ্যকার হিসেবে নিজের বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমাও চাইতে রাজি ছিলেন তিনি। চাকরির জন্য এই ক্ষমা চাওয়ার আকুতি নিশ্চয়ই কাজে দিয়েছে। আগামী মাসেই শুরু হবে আইপিএল। তাঁর আগেই সিপিএল দিয়ে ধারাভাষ্যে ফিরলেন সঞ্জয়।