ক্ষমা চেয়েছেন ওয়ার্ন
ক্যারিয়ারজুড়ে বিতর্কের ছড়াছড়ি। মাঠ আর মাঠের বাইরে—সব দিকেই বিতর্কে মোড়ানো ওয়ার্নের ক্যারিয়ার। এ তালিকায় সর্বশেষ সংযোজন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (আরসিএ) সেক্রেটারি সঞ্জয় দীক্ষিতকে অপমান। তবে আরও বেশি জল ঘোলা এড়াতে ক্ষমা চেয়ে নিয়েছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজ রাজস্থান রয়্যালসের অধিনায়ক শেন ওয়ার্ন।জল ঘোলা যা হওয়ার, তা অবশ্য হয়েই গেছে। ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না ওয়ার্ন। রাজস্থানের প্রধান নির্বাহী সিন মরিস ই-মেইলে সঞ্জয় দীক্ষিতকে জানিয়েছেন, আচরণবিধি লঙ্ঘন করায় ওয়ার্নের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছেন তাঁরা। এ ঘটনার জন্য ওয়ার্ন ক্ষমা চেয়েছেন। রাজস্থান যে শাস্তি দেবে, তা মেনে নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন তিনি।ঘটনাটা গত বুধবারের। সেদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৯ উইকেটে বিধ্বস্ত হয় রাজস্থান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মনমতো পিচ না পাওয়ায় ওয়ার্ন চড়াও হন সঞ্জয় দীক্ষিতের ওপর। তিনি তাঁকে ‘মিথ্যেবাদী’ আখ্যায়িত করে সেখান থেকে চলে যেতে বলেন। একপর্যায়ে এই ঘটনায় হস্তক্ষেপ করাসহ ক্ষমা চেয়ে নেন রাজস্থানের মালিক শিল্পা শেঠি।রাজস্থান ওয়ার্নের বিরুদ্ধে তাদের বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। কিন্তু শাস্তি আরও পেতে হবে অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি স্পিনারকে। পছন্দমতো পিচ না করায় দীক্ষিতকে জনসম্মুখে অপমান করার ঘটনায় ওয়ার্নের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইপিএলের কাছে অভিযোগ করে আরসিএ। সেদিনের ঘটনা বিশ্লেষণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে আইপিএল শৃঙ্খলা কমিটি। ওয়েবসাইট।