ক্ষমা চেয়েছেন পন্টিং
যে কাণ্ড করেছেন, তাতে লজ্জায় ডুবেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সমালোচনায় মেতে উঠেছেন সাবেক ক্রিকেটাররা। ক্রিকেটীয় শিষ্টাচার ভঙ্গের অপরাধে শাস্তিও হতে পারে। তবে বিষয়টি আরও ডালপালা ছড়ানোর আগেই ক্ষমা চেয়ে নিয়েছেন রিকি পন্টিং।ঘটনাটা গতকাল সোমবারের। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে এমপফুর দুর্দান্ত থ্রোতে রানআউট হওয়ার পর নিজেকে সামাল দিতে পারেননি পন্টিং। রাগে গড়গড় করতে করতে সাজঘরে আসেন। এসেই সেখানে রাখা একটি দামি এলসিডি টেলিভিশন ভেঙে ফেলেন অসি অধিনায়ক!অস্ট্রেলিয়া দলের মিডিয়া ম্যানেজার ল্যাচি প্যাটারসন আজ পিটিআইকে জানান, দুঃখজনক ঘটনাটির জন্য ক্ষমা চেয়েছেন পন্টিং। একই সঙ্গে সেখানে আরেকটি টেলিভিশন দেওয়ার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন তিনি। এর আগে এ ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছিলেন প্যাটারসন।দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ব্যারি রিচার্ডস এ ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ক্রিকেটে সাজঘরকে পবিত্র স্থান হিসেবেই দেখা হয়। পন্টিংয়ের আচরণে আমি হতাশ হয়েছি। তাঁর সেঞ্চুরির খবর শোনার অপেক্ষায় আমরা, সাজঘরে তাণ্ডব চালানোর খবর শোনার জন্য নয়।’ভারতের সাবেক ক্রিকেটার অরুণ লাল এটাকে ‘লজ্জাজনক’ ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন, ‘এটা সত্যিই লজ্জাজনক। আপনি হতাশ হয়েছেন বলে সাজঘরে ভাঙচুর চালাতে পারেন না। ছেলে-মানুষের মতো কাজ করেছেন পন্টিং। যাঁকে পরবর্তী প্রজন্মের আদর্শ হিসেবে দেখা হয়, তাঁর কাছে এ আচরণ মেনে নেওয়া যায় না।’ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান গ্রায়েম হিকের প্রতিক্রিয়া, ‘এটা দুঃখজনক। আমি অনেক আন্তর্জাতিক ক্রিকেটারের সঙ্গে খেলেছি। খেলায় হতাশা থাকবেই।’