ক্ষমাপ্রার্থনা সুয়ারেজের 'ফেয়ার প্লে': ব্ল্যাটার

ইতালীয় ডিফেন্ডার জর্জো কিয়েলিনিকে কামড়ে দেওয়ায় ফিফা তাঁকে নিষিদ্ধ করেছে নয় ম্যাচের জন্য। চার মাস তাঁকে দূরে থাকতে হবে ফুটবল-সংক্রান্ত যেকোনো বিষয় থেকে। সেই লুইস সুয়ারেজকেই কিনা প্রশংসায় ভাসালেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার।
ব্যাপার তেমন কিছু নয়। কামড়-কাণ্ডের অনুশোচনায় দগ্ধ এখন সুয়ারেজ। নিজের টুইটারের মাধ্যমে কিছুদিন আগেই কিয়েলিনির কাছে ক্ষমা চেয়েছেন এই উরুগুইয়ান তারকা। পুরো ব্যাপারটিই ব্ল্যাটারের কাছে মনে হয়েছে, ‘নিখাদ ফেয়ার-প্লে।’
সুয়ারেজের প্রতি শুভকামনা আছে ব্ল্যাটারের। তবে শাস্তি মওকুফের কোনো আলামত নেই। শাস্তির মেয়াদ শেষ করে সুয়ারেজের ফুটবলজীবন আবার পুনর্জাগরিত হোক, ব্ল্যাটার জানিয়েছেন এই প্রার্থনাই।
গত ২৪ জুন গ্রুপ পর্বে উরুগুয়ের শেষ ম্যাচে কিয়েলিনির ঘাড়ে অকারণে কামড় বসিয়ে দেন সুয়ারেজ। রেফারির চোখ এড়িয়ে গেলেও টিভি ক্যামেরায় সেটা স্পষ্ট দেখা গেছে। পরে ভিডিও ফুটেজের ভিত্তিতে নয় ম্যাচের জন্য সুয়ারেজকে নিষিদ্ধ করা হয়। বিশ্বকাপ চলার সময় কোনো খেলোয়াড়কে দেওয়া ফিফার সর্বোচ্চ শাস্তি এটি।
এর আগে প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড় দিয়ে দুই দফা নিষিদ্ধ হওয়া সুয়ারেজ যে বড় শাস্তি পাবেন, এটা অনুমিতই ছিল। তবে শাস্তি ঘোষণার পরই শুরু হয়ে যায় বিতর্ক। অভিযোগ উঠেছে, শাস্তিটা বেশি হয়ে গেছে সুয়ারেজের। আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা, ব্রাজিলীয় ফরোয়ার্ড ফ্রেড, এমনকি যাকে কামড় দিয়ে সুয়ারেজ নিষিদ্ধ হয়েছেন, সেই ইতালীয় ডিফেন্ডার কিয়েলিনিও একই কথা বলেছেন।
কামড়-কাণ্ডের এক সপ্তাহ পর ওই ঘটনার জন্য ক্ষমা চান সুয়ারেজ। ‘অনুতপ্ত’ উরুগুয়ে ফরোয়ার্ড টুইটারে লেখেন, ‘পরিবারের সঙ্গে কয়েক দিন কাটানোর পর আমি ঠান্ডা মাথায় ইতালি-উরুগুয়ে ম্যাচ নিয়ে ভেবেছি। যা হয়েছে তার জন্য আমি অনুতপ্ত। সত্যিটা হলো, কিয়েলিনির সঙ্গে আমার সংঘর্ষের সময় সে আমার দাঁতের আঘাত পেয়েছে। এ জন্য কিয়েলিনি আর গোটা ফুটবলবিশ্বের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমি শপথ করে বলছি, এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না।’ সূত্র: রয়টার্স।