ক্ষুধা কমেনি কোস্টারিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপিং চূড়ান্ত হওয়ার পর তাদের ভাবা হচ্ছিল তিন সাবেক চ্যাম্পিয়নের সম্ভাব্য সহজ শিকার। তারাই এখন দুঁদে শিকারি, বাড়ি পাঠিয়ে দিয়েছে দুই চ্যাম্পিয়নকে। তবে শিকারের নেশা কাটেনি এতেও। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে হুংকার ছাড়ছেন কোস্টারিকা কোচ হোর্হে লুইস পিন্টো। সামনের পথচলায় প্রতিপক্ষ যে-ই আসুক, মাড়িয়ে এগোতে চান সামনে!
আপাতত পরের চ্যালেঞ্জটাই অপেক্ষাকৃত সহজ কোস্টারিকার জন্য। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ নাটকীয়ভাবে দ্বিতীয় রাউন্ডে উঠে আসা গ্রিস। তবে প্রতিপক্ষ নিয়ে ভাবনাই নেই টগবগ করে ফুটতে থাকা পিন্টোর, ‘কঠিন এক গ্রুপে শীর্ষস্থান পেয়েছি আমরা। সামনে যে প্রতিপক্ষই আসুক, আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে মাঠে নামব আমরা। আমাদের দল দারুণ ভারসাম্যপূর্ণ, ম্যাচ জয়ের কৌশলও জানা আছে আমাদের। আরও বড় সাফল্যের জন্য আমরা ক্ষুধার্ত।’
উরুগুয়ে ও ইতালিকে হারানোর পর পরশু ইংল্যান্ডের বিপক্ষে ড্র করে গ্রুপ অব ডেথ-এ চ্যাম্পিয়ন হয়েছে কোস্টারিকা। শুরু থেকে দলের পারফরম্যান্সের ধারাবাহিকতাই বেশি তৃপ্তি দিচ্ছে পিন্টোকে, ‘উরুগুয়েকে হারানোর পর অনেকেই বলেছিল ফ্লুক। পরের ম্যাচে ইতালিকে হারানোর পর সবাই অন্য চোখে দেখতে শুরু করল। এখন আশা করি আমাদের সামর্থ্য নিয়ে কারও সংশয় নেই।’
কোস্টারিকার চমকে চমকাননি দলের সহকারী কোচ পাওলো ওয়ানচোপ। ২০০২ ও ২০০৬ বিশ্বকাপে খেলা স্ট্রাইকারের কাছে উত্তরসূরিদের এই পারফরম্যান্স নাকি ছিল প্রত্যাশিতই, ‘আমাদের কাছে এই পারফরম্যান্স চমক হয়ে আসেনি কারণ নিজেদের প্রতিভা ও সামর্থ্য আমাদের জানা ছিল।’
২৯ জুন দ্বিতীয় রাউন্ডের ম্যাচে গ্রিসের মুখোমুখি হবে কোস্টারিকা। এএফপি, রয়টার্স।