ক্ষুধাটা ফুরিয়ে যায়নি সিদ্দিকুরের
তিন বছর আগে ব্রুনাই ওপেন জিতে সবাইকে চমকে দিয়েছিলেন। এরপর আশা দেখিয়েও যেন হারিয়ে যাচ্ছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান। গত বছরের পারফরম্যান্সে হতাশ সিদ্দিকুর এবার নতুন বছরটা শুরু করেছিলেন নতুন স্বপ্ন নিয়ে। আগের দুই বছরের মতো এবারও কোনো শিরোপা আসেনি। যদিও সিদ্দিকুর টানা সাতটি টুর্নামেন্ট খেলে এসে খুশি নিজের পারফরম্যান্সে।গত ২১ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত খেলেছেন মিয়ানমার ওপেন (৩৯তম), দিল্লিতে সেইল-এসবিআই ওপেন (৩য়), নয়ডায় অবন্তা মাস্টার্স (৪৮তম), মে-ব্যাংক মালয়েশিয়ান ওপেন (৭০তম), থাইল্যান্ডে চিয়াংমাইয়ে (৫ম) ও দিল্লিতে প্যানাসনিকে (১০ম)। মাঝে ব্রিটিশ ওপেনের বাছাইপর্বে অংশ নিলেও উঠতে পারেননি চূড়ান্ত পর্বে।দুদিন আগে ঢাকায় ফিরে আবারও প্রস্তুতি নিচ্ছেন নতুন টুর্নামেন্টে খেলার জন্য। কাল কুর্মিটোলা গলফ কোর্সে অনুশীলনের ফাঁকে বললেন, ‘এবারের ট্যুর অনেক ভালো হয়েছে। একটানা সাতটা টুর্নামেন্টে খেলে একটাতে তৃতীয়, একটাতে পঞ্চম হয়েছি। খারাপ কিসে?’ কিন্তু ব্রুনাই ওপেনের পর যে আর কোনো শিরোপা জিততে পারেননি সিদ্দিকুর! তাহলে কি জয়ের ক্ষুধাটা কমে যাচ্ছে? উত্তরে প্রতিবাদের সুরে বললেন, ‘না, না তা হবে কেন? আসলে জেতাটা অনেক সময় ভাগ্যের ব্যাপার। ভালো খেলছি, কেন যেন হচ্ছে না। জয়ের ক্ষুধা না থাকলে কি প্রতিদিন ভোর পাঁচটায় উঠে অনুশীলন শুরু করি? ওটা কমে গেলে মাঠেই আসতাম না। এখন তো টাকা-পয়সার কোনো সমস্যা নেই।’ ২২ এপ্রিল সিদ্দিকুর খেলবেন সিউলের ব্যালেন্টাইন চ্যাম্পিয়নশিপে।