ক্ষুধার বলি অলিম্পিক পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা অলিম্পিক পদক, একটা স্বপ্নও। কিন্তু পেটের ক্ষুধাটা যখন খুব পীড়া দেয়, সেটির কাছে এই স্বপ্নটপ্নও বোধ হয় ফিকে হয়ে যায়। এমনই যে, অর্থের প্রয়োজনে বিক্রি করে দিতে হয় সাধের অলিম্পিক পদকও!
এমন হতভাগাদের তালিকায় নতুন নাম—ওলগা কোরবুৎ। এতটাই হতদরিদ্র হয়ে পড়েছিলেন ৬১ বছর বয়সী কিংবদন্তি জিমন্যাস্ট, রাশিয়ার গাজেতা নিউজ তাঁর পদক বিক্রির প্রতিবেদনে লিখেছে, ‘মেডেলগুলো কোরবুৎকে ক্ষুধার হাত থেকে বাঁচিয়েছে!’
১৯৭২ মিউনিখ ও ১৯৭৬ মন্ট্রিয়ল অলিম্পিকে চারটি সোনা ও দুটি রুপা জেতেন সাবেক সোভিয়েত ইউনিয়নের এই জিমন্যাস্ট (এখন তিনি যুক্তরাষ্ট্রেরও নাগরিক)—শুধু এটুকু বললে কিছুই বলা হয় না। ১৯৭২ অলিম্পিকে মাত্র ১৭ বছরের, ৪ ফুট ১১ ইঞ্চির সেই ছোট্ট তরুণী দুর্দান্ত সব জিমন্যাস্টিকস রুটিন দিয়ে মিউনিখ মাতিয়েছিলেন। ওই অলিম্পিকে তাঁর ব্যবহৃত একটা কৌশল জিমন্যাস্টিকসের বইয়েও নাম পায়—কোরবুৎ ফ্লিপ। ১৯৭২ সালে বিবিসির পার্সোনালিটি অব দ্য ইয়ার পুরস্কার জিতেছিলেন। আন্তর্জাতিক জিমন্যাস্টিকসের হল অব ফেমে নাম লেখানো অ্যাথলেটও তিনি (১৯৮৮ সালে)।
কিন্তু এত সব অর্জন, পদক কিছুই আর তাঁর কাছে নেই। গত সোমবার যুক্তরাষ্ট্রের নিলামকারী প্রতিষ্ঠান হেরিটেজ অকশনের মাধ্যমে সব বিক্রি করে দিয়েছেন। বিনিময় মূল্য? ৩ লাখ ৩৩ হাজার ৫০০ ডলার! রয়টার্স।