ক্ষুব্ধ রোমারিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭-১ গোলের লজ্জাজনক হার। সেমিফাইনালে জার্মানির কাছে বিধ্বস্ত হয়ে শুধু বিশ্বকাপ থেকেই বিদায় নেয়নি ব্রাজিল, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মাথাও কাটা গেছে লজ্জায়। তবে এই লজ্জার দায়টা খেলোয়াড়দের নয় ব্রাজিলের ফুটবল প্রশাসকদেরই নিতে বলেছেন রোমারিও। ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক স্ট্রাইকার ও বর্তমানে সংসদ সদস্য রোমারিও কর্মকর্তাদের শুধু দায়ীই করেননি, বলেছেন এসব কর্মকর্তাকে জেলে ঢোকানো উচিত। মিনেইরাওজো-কাণ্ডের এক দিন পর মুখ খুলেই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনসকে (সিবিএফ) একহাত নিয়েছেন রোমারিও। ব্রাজিলের ফুটবলের অধঃপতনের জন্য সিবিএফ কর্মকর্তাদের দুর্নীতিকে দায়ী করেছেন ‘৯৪ বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী, ‘অনেক বছর ধরেই আমাদের ফুটবলের পতন হচ্ছে। এটাকে আরও ত্বরান্বিত করেছে এই নেতারা, যাদের ফুটবল খেলার কোনো যোগ্যতাই নেই।’ এরপর সিবিএফ প্রেসিডেন্ট হোসে মারিয়া মারিন ও তাঁর সহকারী মার্কো পোলো দেল নিরোর নাম উল্লেখ করেই বলেছেন এঁদের জায়গা হওয়া উচিত জেলে। এএফপি।