ফুঁসে উঠেছে সাঁতার অঙ্গন। মিরপুর জাতীয় সাঁতার কমপ্লেক্সের ভেতর আবাসিক ভবন নির্মাণ কোনোভাবেই মানতে রাজি নন সাঁতার সংগঠক ও সাঁতারুরা। কাল দুটি স্থানে মানববন্ধন করে তাঁরা এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।
নিজস্ব চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য ওই আবাসিক ভবন নির্মাণে বদ্ধপরিকর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কিন্তু এতে সাঁতার কমপ্লেক্সের বিপুল ক্ষতি হবে বলে মনে করছেন সাঁতার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাই কাল জাতীয় প্রেসক্লাব এবং পল্টন সুইমিং পুলের সামনে মানববন্ধনে অংশ নেন সাবেক সাঁতারু, কোচ, সাঁতারুদের সংগঠন সুইমিং ক্লাব অ্যাসোসিয়েশন, সুইমিং জাজেস অ্যাসোসিয়েশন এবং ফেডারেশনের কর্মকর্তারা।
শুধু মানববন্ধনেই থেমে থাকছে না আন্দোলন, ভবন নির্মাণ বন্ধের দাবিতে চলছে সাবেক ও বর্তমান সাঁতারুদের স্বাক্ষর অভিযান। এটি বন্ধের অনুরোধ করে সাঁতারুদের সবার স্বাক্ষর নিয়ে একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেওয়া হবে।
দেশের একমাত্র আন্তর্জাতিক সাঁতার ভেন্যুতে এভাবে ভবন নির্মাণে খুব হতাশ সাবেক সাঁতারু এবং কোচ লায়লা নূর, ‘সুইমিং কমপ্লেক্সে স্টাফ কোয়ার্টার নির্মাণের এমন উদাহরণ বিশ্বের কোথাও নেই। সুইমিং পুলের ভেতরের গাছপালা কেটে পরিবেশ বিপর্যয় করে, পুলের সৌন্দর্যহানি ঘটাচ্ছে এনএসসি। সাঁতারুদের ওয়ার্মআপের জায়গা পর্যন্ত রাখা হয়নি। আমরা তাদের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আশা করি সরকার দ্রুত এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবে।’
শুধু এই ভবন নির্মাণ বন্ধ করলেই হবে না, ফেডারেশনের ভেতরের অবৈধ স্থাপনাগুলোও অপসারণের দাবি তাঁর, ‘সুইমিং পুলের পেছনের দিকে এনএসসির কর্মচারীরা বস্তি ঘর তুলেছে। এ ছাড়া কয়েকটি ভবনও বানিয়েছে। এদের অপসারণ করে ফেডারেশনে সাঁতারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।’
কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণের এমন অযৌক্তিক সিদ্ধান্ত মানতে পারছেন না সাঁতার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমেদ, ‘সুইমিং পুলের আশপাশে বহুদিন ধরেই মাদকসেবীদের অবাধ বিচরণ । ভবন হয়ে গেলে এসব নেশাখোর পুলের ভেতরে ঢুকবে, পানিতে নেমে পড়বে। মেয়েদের নিরাপত্তা থাকবে না। তখন আর কেউ সাঁতার শিখতেও আসতে চাইবে না ওখানে।’
ভবন নির্মাণ বন্ধে এরই মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারকে চিঠি দিয়েছে ফেডারেশন। কিন্তু ১৭ জুন প্রতিমন্ত্রী পুল পরিদর্শন করে এসেও ভবন নির্মাণের আগের সিদ্ধান্তেই অটল রয়েছেন।