ক্ষুব্ধ সারওয়ান, তৃপ্ত সারওয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বেশ কিছুদিন ধরেই এক মাঝির নৌকা। মাঝেমধ্যে অন্য দু-একজন হাত লাগানোর চেষ্টা করেন বটে। কিন্তু অনভিজ্ঞ হাতগুলো যে এখনো তত শক্ত হয়নি! শিবনারায়ণ চন্দরপলকে একাই ধরতে হয় হাল। হাল ধরার মতো অভিজ্ঞ হাত কি আর নেই গোটা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে? রামনরেশ সারওয়ানের কথা মনে পড়বে অনেকেরই। এই ভঙ্গুর ব্যাটিং লাইনআপে তো অনায়াসেই জায়গা হওয়ার কথা ৮৭ টেস্টের অভিজ্ঞ ব্যাটসম্যানের। নির্বাচকেরা তা মনে করেন না। টিম ম্যানেজমেন্টের আচরণে বীতশ্রদ্ধ সারওয়ানেরও যেন ইচ্ছাটা মরে গেছে। ডাক পেলেও আপাতত খেলতে চান না জাতীয় দলে!ক্যারিয়ারজুড়েই চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে সারওয়ানকে। গত বছরের মে মাসে টেস্ট দলে ফিরেছিলেন দুই বছর পর। কিন্তু চার টেস্টে ৮৩ রান করার পর জায়গা হারান। ব্যর্থতার সব দায় কোচকে দিয়ে মনের সব ক্ষোভ উগড়ে দিলেন ৩১ বছর বয়সী ব্যাটসম্যান, ‘কোচ আমাকে কিছু নেতিবাচক কথা বলেছিলেন, যা আমাকে খুব কষ্ট দিয়েছিল, আঘাত করেছিল আমার আবেগকে। মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। খেলার চাপে নয়, ব্যক্তিবিশেষের আচরণ আমাকে হতোদ্যম করে দিয়েছিল। আমার আত্মবিশ্বাস ও খেলায় এর প্রভাব পড়েছিল। সব যেন ভুলে গিয়েছিলাম।’সারওয়ানের কথা বিশ্বাস করার কারণ আছে যথেষ্টই। কোচের ওপর খেপেছিলেন চন্দরপলও। গিবসনের খবরদারিতে ক্ষুব্ধ চন্দরপল কিছুদিন আগে বলেছিলেন, ‘১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর একজন এখন আমাকে ব্যাটিং শেখায়।’ এ ছাড়া মাত্র চার টেস্টের ব্যর্থতায় সারওয়ানের মাপের একজনকে ছুড়ে ফেলা ওয়েস্ট ইন্ডিজের এই দলের জন্য যথেষ্টই বিলাসিতা। লর্ডসে ইংলিশ বোলিংয়ের বিপক্ষে যখন ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং, ইংল্যান্ডের আরেক প্রান্তে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে সারওয়ান করেছেন ১১৭ ও ৯৮। লিস্টারশায়ারের হয়ে কাউন্টি মৌসুমের শুরুতেই করে ফেলেছেন দুটি করে সেঞ্চুরি ও ফিফটি।হতাশায় নাকি ক্রিকেট ছাড়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। কিন্তু দুঃসময়ে আশ্রয় খুঁজে পেয়েছিলেন বাবার মাঝে, ‘এসব আমি কখনোই বলিনি। কিন্তু ঘটনা হলো, নিজেকে আমি খোলসে গুটিয়ে নিয়েছিলাম। টানা তিন দিন পর্যন্ত বাড়ি থেকে বের হইনি। বাবাই আমাকে আবার মাঠে ফিরতে উদ্দীপ্ত করেন। ওদের আচরণে টিকতে না পেরে আমি থেমে যেতে চেয়েছিলাম। কিন্তু বাবাকে ভেঙে পড়তে দেখে আবার উদ্দীপ্ত হই।’দুঃসময় পেছনে ফেলে এসেছেন, ঝেড়ে ফেলেছেন মন থেকেও। এ কারণেই দলের বাইরে থেকেও তৃপ্ত গায়ানিজ ব্যাটসম্যান, ‘আমি এখন ওই সব সমস্যা থেকে দূরে। মন দারুণ চনমনে, কোনো কিছু নিয়েই ভাবনার কিছু নেই। নেতিবাচক কথা বলার জন্য নেই কোনো কোচ। একসময় কোনটা আমার ব্যাকফুট, কোনটা ফ্রন্টফুট এটাও যেন ভুলে গিয়েছিলাম। এখন আমি অনেক ভালো, পায়ের কাজে স্বচ্ছন্দ, মাথায় সবকিছু স্ফটিকের মতো স্বচ্ছ।’লিস্টারের হয়ে পারফরম্যান্সে আবার উঠে এসেছেন আলোচনায়। এখন জাতীয় দলে ডাক পেলেও আপাতত ছেড়ে যেতে চান না দুঃসময়ের সঙ্গীকে, ‘এই ক্লাবের কাছে আমার অনেক দায়। কারণ, ওরা আমার ওপর বিনিয়োগ করেছে। আমার নিজের লোকজন যখন আমাকে লাথি দিয়ে ধুলোয় ফেলে দিয়েছিল, তখন এই ক্লাব আমার পাশে দাঁড়িয়েছে। আমি ওদের ছেড়ে যাব না বা বিদ্রোহ করব না। দুই বছর আগের জায়গায় আবার ফিরে যেতে চাই না, যেখানে আমি উপভোগ করতে পারব না। আমার সুখটাই আমার কাছে সবকিছুর আগে।’ ওয়েবসাইট।