ক্ষোভ নিয়ে প্যারাগুয়ের বিদায়
কোয়ার্টার ফাইনালের আট দলের চারটিই ছিল দক্ষিণ আমেরিকার। শেষ আটের লড়াইয়ে জিতে সেমিফাইনালে কেবল প্লে-অফ খেলে মূল মঞ্চে আসা উরুগুয়ে। চিলি বিদায় নিয়েছে দ্বিতীয় রাউন্ডেই। ব্রাজিল, আর্জেন্টিনার সঙ্গে জোট বেঁধে প্যারাগুয়েও বিদায় নিল শেষ আট থেকেই।বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠার ইতিহাস গড়ে এবং টুর্নামেন্টের অন্যতম ফেবারিট স্পেনের সঙ্গে সমানে সমানে লড়াই করতে পারার সুবাদে আত্মতৃপ্তিই পাওয়ার কথা প্যারাগুইয়ানদের। আত্মতৃপ্তি আছেও। কিন্তু ম্যাচের দুটি ঘটনা প্যারাগুয়ে কোচ জেরার্ডো মার্টিনোর মনে জ্বালিয়ে দিয়েছে ক্ষোভের আগুন। ফিফা দুঃখ প্রকাশ করলেই কেবল নিভবে সেই আগুন!হ্যাঁ, অভিমানী মার্টিনোর প্রত্যাশা, দুটো ঘটনার কারণে প্যারাগুয়ের কাছে দুঃখ প্রকাশ করবে ফিফা, যেমনটি ইংল্যান্ড, মেক্সিকোর কাছে করেছিল। প্রথমার্ধে স্পেনের জালে বল পাঠিয়েছিলেন প্যারাগুয়ের স্ট্রাইকার নেলসন ভালদেজ। কিন্তু অফসাইডের কারণ দেখিয়ে তা বাতিল করে দেন রেফারি। কিন্তু টিভি রিপ্লেতে পরিষ্কার, সিদ্ধান্তটি ভুল ছিল। ভালদেজ অফসাইড ছিলেন না!দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় প্যারাগুয়ে। কিন্তু অস্কার কারদোজোর শট ফিরিয়ে দেন স্পেনের গোলকিপার ইকার ক্যাসিয়াস। সমস্যা হচ্ছে, কারদোজো শট নেওয়ার সময় স্পেনের ডি-বক্সে ঢুকে যান দুজন খেলোয়াড়। নিয়মানুযায়ী শট নেওয়ার সময় বক্সে দ্বিতীয় খেলোয়াড় ঢুকে পড়লেই রেফারি পুনরায় শট নেওয়ার সিদ্ধান্ত দেওয়ার কথা, স্পেনও যেমন পেয়েছিল।ভালদেজের বাতিল হয়ে যাওয়া গোল এবং ওই পেনাল্টি নিয়ে ক্ষোভ আছে, তা মিটবে ফিফা দুঃখ প্রকাশ করলে। ‘সম্ভবত ফিফা আগামীকাল ক্ষমা চাইবে’—প্রত্যাশা মার্টিনোর।নিয়মিত একাদশের ছয়জনকে বাইরে রেখে খেলতে নামা কোচের কণ্ঠেও ঝরেছে অসন্তুষ্টি, ‘স্পেন সেমিফাইনালে চলে গেছে। কিন্তু সেখানে আমরাও যেতে পারতাম। আমরা হূদয় দিয়ে খেলেছি। ম্যাচের শেষ দিকে হেরেছি। স্পেনের সঙ্গে আমরা সমানতালেই খেলেছি। কিন্তু শেষে গিয়ে এটা যথেষ্ট ছিল না।’পেনাল্টি মিস করে প্রথমবারের মতো সেমিফাইনাল-স্বপ্ন ভেঙে দিলেও কোচ, সতীর্থরা কারদোজোর পাশেই আছেন। কোচ বলেছেন, ‘এমনটা ঘটতেই পারে। এ জন্য তার খারাপ লাগা অসম্ভব কিছু না। কিন্তু সতীর্থরা তার পাশেই আছে এবং আমরা সবাই এর দায়িত্ব নিচ্ছি।’ এএফপি।