ক্ষোভে আড়াল জয়ের আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুটি ড্রয়ের পর জয়ের ধারায় ফিরেছে আবাহনী। বিজেএমসির বিপক্ষে একমাত্র গোলের জয়টা আকাশি-নীলদের মুখে হাসিই ফোটানোর কথা। কিন্তু ম্যাচের পর রেফারিং নিয়ে আবাহনীর ক্ষোভ আর ক্ষোভ!আর এই ক্ষোভের নিচে চাপা পড়ে গেল ইব্রাহিমের অমার্জনীয় ব্যর্থতা। অন্তত হ্যাটট্রিক করতে পারতেন ঘানাইয়ান স্ট্রাইকার। দুবার গোলরক্ষককে একা পেয়েও মেরেছেন বাইরে। ৮ মিনিটে তাঁরই স্বদেশি ফ্রাঙ্ককে দিয়ে ম্যাচের একমাত্র গোলটা করাতে পেরেছেন বলে রক্ষা। ইব্রাহিমের থ্রু পাস ধরেই ফ্রাঙ্ক কোনাকুনি শটে করেছিলেন লক্ষ্যভেদ।মৌসুমে দুই দলের প্রথম সাক্ষাৎ। জমাট ম্যাচই হওয়ার কথা ছিল। কিন্তু খেলায় সেটি খুঁজে পাওয়া যায়নি। ভুল পাস আর ফাউলের ছড়াছড়ি পুরো ম্যাচে। আবাহনী অনেক বেশি জায়গা তৈরি করে খেলেছে, যেটা পারেনি বিজেএমসি। তারই সুবাদে আবাহনী পেতে পারত গোটা চারেক গোল। কিন্তু এই ব্যর্থতা একপাশে রেখে রেফারি আবদুল হান্নানের (মিরন) বিরুদ্ধে সরব আবাহনী। রেফারিং-বিতর্কের ধারাবাহিকতায় এদিনও বেশ উত্তপ্ত হয়ে উঠল বঙ্গবন্ধু স্টেডিয়াম।আবাহনী অন্তত একটা পেনাল্টি পেতেই পারত। কিন্তু পায়নি। রেফারিরা কার্ড দেখানো নিয়ে যে বিতর্কিত কাণ্ড-কারখানা চালিয়ে যাচ্ছেন, সেটিকেই আরেকটু উসকে দিলেন মিরন। গুরুতর ফাউলে কার্ড দিতে ভুলে যাচ্ছেন রেফারিরা। পেনাল্টি বক্সে প্রতিপক্ষের কাউকে টেনে ধরে ফেলে দিলেও পেনাল্টি দেওয়া হয় না। আবার সামান্য কারণেও পেনাল্টি হচ্ছে। কালও তা থেকে মুক্ত ছিল না রেফারিং।আবাহনী মিডফিল্ডার প্রাণতোষের অভিযোগ, ‘আজ রেফারি ইব্রাহিমকে বলেছেন তোকে দেখে নেব। অহেতুক হলুদ কার্ড দেখিয়ে ইব্রাহিমকে পরের ম্যাচে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন তিনি।’দলের ম্যানেজার সত্যজিৎ দাস খুবই উত্তেজিত, ‘ইব্রাহিমকে ফাউল করা হলো। উল্টো তাকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। পরের ম্যাচটায় ইব্রাহিম যাতে খেলতে না পারে তারই ব্যবস্থা। রেফারিং নিয়ে আমাদের ভাবতে হবে। এভাবে আর চলতে পারে না।’ রেফারিং নিয়ে অসন্তোষ বিজেএমসিরও। তবে তা ছাপিয়ে সামনে এল অন্য একটা বিষয়। ফেডারেশন কাপের ফাইনালে শেখ জামালকে বিজেএমসির বিদেশিরা ম্যাচ ছেড়ে দিয়ে থাকতে পারে। বিজেএমসির ম্যানেজার আরিফ খানের (জয়) এমন সন্দেহের ভিত্তিতে একটি পত্রিকায় ছাপা হওয়া প্রতিবেদনে ক্ষুব্ধ টিম ম্যানেজমেন্ট। তারা মনে করে, এতে বিদেশিদের মনোবল ভেঙে গেছে এবং ভালো খেলতে পারেনি।বিজেএমসি গোলের কোনো সহজ সুযোগ তৈরি করতে পারেনি। দলটাকে ম্রিয়মাণ দেখাচ্ছে। লিগ লড়াইয়েও পিছিয়ে পড়ছে, ৪ ম্যাচে ৫ পয়েন্ট। ৫ ম্যাচে ১১ পয়েন্ট পাওয়া আবাহনী আছে তালিকার দ্বিতীয় স্থানে। তবে রেফারিং ‘ভালো’ না হলে ক্রমেই পিছিয়ে পড়ার শঙ্কা করছে আবাহনী!আবাহনী: সোহেল, সামাদ, নাসির, ওয়ালি, আমিনু, তৌহিদ (জাহিদ), আরমান আজিজ, ফ্রাঙ্ক, প্রাণতোষ, ইব্রাহিম, পল।বিজেএমসি: হিমেল, শরিফ, ইকাঙ্গা, আশরাফুল, বেইবেক, শুভ্র, জনি, রশিদ, আবুল (বিপ্লব), আলফাজ (রনি), বাঙ্গুরা।ফরাশগঞ্জের জয়: কাল অন্য ম্যাচে ফরাশগঞ্জ ২-১ গোলে হারিয়েছে ফেনী সকারকে। ফেনী স্টেডিয়ামে ১৮ মিনিটে বুলবুলের গোলে এগিয়ে গিয়েছিল ফেনী। ৩২ মিনিটে গোলটি শোধ করেন জুনাপিও। সাত মিনিট পরে জয় নিশ্চিত গোলটিও কঙ্গোর এই স্ট্রাইকারের।