ক্ষোভে উত্তাল ফরাসি মিডিয়া
ফ্রান্সের লজ্জাজনক বিদায়ে ক্ষোভে উত্তাল দেশটির গণমাধ্যমগুলো। ক্ষেভের তীরটা মূলত কোচ রেমন্ড ডমেনেখের দিকে। তবে মিডিয়ার রোষানল থেকে মুক্তি পাচ্ছেন না ফ্রান্সের ফুটবলারেরাও। গ্রুপ পর্বের একটি ম্যাচেও জয় না পাওয়ায় মিডিয়ার দৃষ্টিতে জাতীয় নায়কেরা এখন খলনায়কে পরিণত হয়েছেন।বিশ্বকাপ থেকে লজ্জাজনক বিদায়ের খবরটি আজ বুধবার প্রথম পৃষ্ঠায় পুরো কলামে ছেপেছে ফ্রান্সের বিখ্যাত ক্রীড়া দৈনিক ‘এল ইকুইপে’। পত্রিকাটিতে শিরোনাম ছিল ‘একটি বিশ্বের সমাপ্তি’। প্রতিবেদনে বলা হয়েছে, ‘অবিশ্বাস্য পথ পাড়ি দিয়েছেন রেমন্ড ডমেনেখ। নির্বোধ হলেই কেবল জনগণ এ ধরনের খেলা মেনে নেবে। ডমেনেখের জানা উচিত, কোথায় থামতে হবে।’ কোচের সমালোচনা করেই ক্ষান্ত হয়নি এই ক্রীড়া দৈনিক। প্রতিবেদনে ফ্রান্স ফুটবল ফেডারেশনকে ঢেলে সাজাতেও সরকারকে পরামর্শ দিয়েছে তারা।দৈনিক ‘ফ্রান্স সয়েরের’ প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রতিযোগিতার ১১ দিনে বিশ্ববাসীর হাসির খোরাকে পরিণত হয়েছে রেমন্ড ডমেনেখের দল। সবাই এই দলটিকে বিবেচনা করছে অদক্ষ, মেধাহীন ও অপেশাদার হিসেবে। মাঠ ও মাঠের বাইরে ফরাসি ফুটবলের মর্যাদা আজ বিপন্ন।’অবশেষে এক নির্মম রসিকতার অবসান ঘটল—এমনটাই বলেছে ফরাসি দৈনিক লিবারেসিঁও। পত্রিকাটি তাদের প্রতিবেদনে আরও বলেছে, ‘এটা বলার অপেক্ষা রাখে না, এ রকম লজ্জাজনক পরিস্থিতির জন্য কারা দায়ী। ফ্রান্সের ব্যর্থতা প্রমাণ করে, অন্য পেশার মতো ফুটবল দলও আক্রান্ত।’ ফ্রান্সের বিশ্বকাপ ব্যর্থতাকে ‘দুঃস্বপ্নের’ সঙ্গে তুলনা করেছে ফ্রান্সের জনপ্রিয় দৈনিক লে পারসিয়েঁ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিশ্বকাপ থেকে ফ্রান্সের এমন বিদায় সত্যিই লজ্জাজনক। এটা ফরাসিদের কাছে দুঃস্বপ্নের।’ এর পরই পত্রিকাটি ব্যঙ্গ করে বলেছে, অগ্রহণযোগ্য ও বিশৃঙ্খল ফুটবল খেলে বিদায়টি যৌক্তিকই হয়েছে। ফ্রান্সের ফুটবলারদের ‘ধন্যবাদ’। লে পারসিয়েঁ ফুটবল নিয়ে ভাবার মতো একটি বিষাদময় ব্যাপার থেকে দেশবাসীকে মুক্তি দেওয়ায় ফ্রান্স ফুটবল দলকে ‘কৃতজ্ঞতা’ জানিয়েছে।ফ্রান্স দলের কোচ রেমন্ড ডমেনেখের প্রতি ক্ষেভের সবটা ঢেলে দিয়ে লে পারসিয়েঁ লিখেছে, ফরাসিদের জন্য একটা সুখবর অন্তত আছে। ফরাসি ফুটবলের ক্ষতি করার জন্য ডমেনেখকে আর দলের সঙ্গে দেখা যাবে না।