ক্ষোভে ক্যাম্প ছাড়লেন সাইক্লিস্ট শিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখানে কোনো ক্যাম্প কমান্ডার নেই। দলে নিয়মশৃঙ্খলা নেই। খেলোয়াড়েরা কখন কোথায় যাচ্ছে, দেখারও যেন কেউ নেই। এই অনিয়মের প্রতিবাদ করায় কয়েকবার অপমানিত হতে হয়েছে জুনিয়রদের কাছে। ক্যাম্পে থাকার পরিবেশ নেই। তাই ভেবেচিন্তে ক্যাম্প ছেড়ে আসারই সিদ্ধান্ত নিয়েছি’—ক্ষোভের সঙ্গেই কাল কথাগুলো বলছিলেন সাইক্লিস্ট ফারহানা সুলতানা শিলা, জাতীয় দলে যাঁর ১৯ বছরের ক্যারিয়ার।
গত ৫ আগস্ট ৩০ সাইক্লিস্টকে নিয়ে মিরপুর ক্রীড়াপল্লীতে শুরু হয় এসএ গেমসের আবাসিক ক্যাম্প। এরই মধ্যে ট্রায়াল থেকে বাদ পড়ায় ছয়জন ক্যাম্প ছেড়ে গেছেন। ১ ডিসেম্বর স্বামীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ গেমসে ১০০০ মিটার ট্র্যাক টাইম ট্রায়ালে রেকর্ড গড়ে সোনা জেতা সন্তানসম্ভবা সায়েরা ভানুকে। সায়েরার পর পরশু ক্যাম্প ছেড়ে গেলেন জাতীয় পর্যায়ে ৭০টি পদকজয়ী শিলা। কোনো সন্দেহই নেই যে সাইক্লিং দল এতে আরও দুর্বল হবে।
শিলার ক্যাম্প ছাড়ার কারণ জানতে চাইলে ফেডারেশন সাধারণ সম্পাদক ইমতিয়াজ খান বাবুল বলেন, ‘আসলে ও এখন আর খেলতে পারবে না, ওর বয়স হয়ে গেছে। ট্রায়াল হলে বাদ পড়ে যাওয়ার ভয়ে আগেভাগেই ক্যাম্প ছেড়ে গেছে। তা ছাড়া ওর পরিবার থাকে ঢাকায়, ক্যাম্প শুরু হয়েছে দিনাজপুরে। সব মিলিয়েই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছে।’
এর আগে ঢাকার পূর্বাচল ও হাতিরঝিলে অনুশীলনের সময় দুবার সড়ক দুর্ঘটনায় পড়েন সাইক্লিস্টরা। চোট পাওয়া সাইক্লিস্টদের সেই থেকেই অনুশীলন-আতঙ্ক পেয়ে বসেছে। এ জন্য ঢাকার বাইরে অনুশীলন ক্যাম্প আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন সাইক্লিস্টরা। অনেকের পছন্দ ছিল খুলনা বিকেএসপি। কিন্তু ফেডারেশন পরশু দিনাজপুরের ফুলবাড়িয়ায় পাঠিয়েছে ২২ সাইক্লিস্টকে। দিনাজপুর বিকেএসপি থেকে ক্যাম্প ৫০ কিলোমিটার দূরে। সেখানেও মিরপুরের মতোই একই ভবনে রাখা হয়েছে ছেলে ও মেয়ে সাইক্লিস্টদের। এসব নিয়েও চাপা ক্ষোভ রয়েছে সাইক্লিস্টদের মধ্যে।
তবে বাবুলের দাবি, দিনাজপুরে অনুশীলনের পরিবেশ অনেক উন্নত, ‘যেখানে ছেলেমেয়েদের পাঠিয়েছি সেটা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমানের এলাকা। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে থাকবে ক্যাম্প। আমি নিজে দায়িত্ব নিয়েই সেখানে পাঠিয়েছি। তা ছাড়া ঢাকায় সব সময় যানজট থাকে। আর সেখানে ৭২ কিলোমিটার রাস্তা ফাঁকা থাকে। মাঝেমধ্যে শুধু কয়লাখনির ট্রাক চলে দু-একটি।’