ক্ষোভে ফেটে পড়েছে ফোরাম
‘বিসিবির গঠনতন্ত্র নিয়মবহির্ভূতভাবে অনুমোদনের প্রতিবাদে’ কাল সংবাদ সম্মেলন ডেকে এককাট্টা হলো জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের সাধারণ্যে পরিচিত সংগঠন ফোরাম।জাতীয় ক্রীড়া পরিষদের পুরোনো ভবনে উপস্থিত ছিলেন ফোরামের ঊর্ধ্বতন প্রায় সব নেতাই। সবার শরীরী ভাষায় ছিল, ‘আমাদের তো শেষ করে দিল’ জাতীয় ক্ষোভ। গঠনতন্ত্রের বিরুদ্ধে নিন্দা-প্রতিবাদ তো জানানো হলোই, একই সঙ্গে বলা হলো বিসিবির নির্বাচন সামনে রেখে একটি মহল ক্ষমতা কুক্ষিগত করার জন্যই এই গঠনতন্ত্র অনুমোদন করেছে।ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান (মিকু) তিন পাতার লিখিত বক্তব্য পড়ে শোনান। তাতে বিসিবির গঠনতন্ত্র নিয়ে নাটকীয়তার পূর্বাপর বিবরণ ছিল। যার সারসংক্ষেপ এমন—বিসিবির নির্বাচিত কমিটি বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্রের কিছু সংশোধনী আনে এবং তা অনুমোদনের জন্য পাঠায় জাতীয় ক্রীড়া পরিষদে। পর্যালোচনার জন্য ক্রীড়া পরিষদ সেটি ফের বিসিবিতে পাঠায়। কিন্তু বিসিবির বর্তমান অন্তর্বর্তী কমিটি কারও সঙ্গে আলোচনা না করে তাদের সুবিধামতো কিছু পরিবর্তন এনে আবার তা ক্রীড়া পরিষদে পাঠিয়ে পরিষদের অনুমোদন নিয়ে নেয়।ফোরাম আরও বলেছে, অন্তর্বর্তী কমিটির এই গঠনতন্ত্র সংশোধন অবৈধ এবং বিসিবির গঠনতন্ত্রের মূল চেতনার পরিপন্থী। এখানে কাঠগড়ায় তোলা হয়েছে মন্ত্রীকেও।নতুন গঠনতন্ত্র নিয়ে মূল আপত্তিটা কোন জায়গায়? আশিকুর রহমানের উত্তর, ‘আগে জেলা-বিভাগ থেকে বিসিবির নির্বাচনে কাউন্সিলর আসত সংশ্লিষ্ট সংস্থার অনুমোদন নিয়ে। নতুন গঠনতন্ত্রে সেই ক্ষমতা দেওয়া হয়েছে জেলা প্রশাসককে। এখন জেলা প্রশাসক তার ইচ্ছামতো যে কাউকেই কাউন্সিলর করতে পারবে, যে কেউ যেকোনো জেলা থেকে কাউন্সিলর হতে পারবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ডিসি কেন মনোনয়ন দেবেন? এটা কী ধরনের আইন হলো?’ফোরাম উদ্বিগ্ন, কারণ তাদের মনে হচ্ছে ডিসির মাধ্যমে কাউন্সিলর হবেন খেলার বাইরের লোকজন। সংগঠকেরা হবেন অবহেলার শিকার। তাতে জেলার ক্রিকেট শেষ হয়ে যাবে। একইভাবে নতুন গঠনতন্ত্রে নির্বাচিত পরিচালকদের ভোটে বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার নিয়ম করা হয়েছে, এটাও মানতে পারছে না ফোরাম। সব কাউন্সিলরের ভোটেই যাতে সভাপতি নির্বাচন হয় সেই দাবি তুলেছে সংগঠনটি।ফোরামের সভাপতি ইউসুফ জামিল তাঁর বক্তব্য শুরু করলেন এভাবে, ‘দেশের ক্রিকেট আজ এক ক্রান্তিকালে দাঁড়িয়ে।’ এক সাংবাদিক জানতে চান, সবে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতে ৩-২ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ক্রান্তিকাল কোথায় দেখলেন? মঞ্চে উপস্থিত কয়েকজন একসঙ্গে উত্তর দিতে শুরু করলেন। জবাব এল, জেলার ক্রিকেট শেষ করে দেওয়া হয়েছে। ক্রিকেট বোর্ডে গণতন্ত্র ধূলিসাৎ। এটা ক্রান্তিকালই।সংশোধিত গঠনতন্ত্রে ক্রিকেটারদের কাউন্সিলর হওয়ার সুযোগ উন্মুক্ত করা হয়েছে। এটা নিয়ে মঞ্চে বসা বিসিবির সদ্য বিদায়ী পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদের বক্তব্য, ‘আমরা ক্রিকেটারদের কাউন্সিলর হওয়ার বিপক্ষে নই। তাই বলে জেলার সংগঠকদের আসার রাস্তা বন্ধ করে নয়। ধরুন, একটা জেলায় পুরোনো কোনো খেলোয়াড়কে কাউন্সিলর করা হলো, কিন্তু তিনি তো জেলার সঙ্গে যোগাযোগই রাখেন না। সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কেও তাঁর ধারণা নেই।’বিসিবির গঠনতন্ত্র নিয়ে ফোরাম কঠোর আন্দোলন করবে বলে জানিয়েছে। ২১ ডিসেম্বর ঢাকায় ফোরামের সভা।