ক্ষোভে সরে দাঁড়ালেন মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর ক্ষোভটা সবচেয়ে বেশি আইসিসির ওপর। সেটাই স্বাভাবিক। ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে দুর্নীতি আর অসততার বিরুদ্ধে টিম মে সোচ্চার ছিলেন সব সময়। লড়াই করেছেন খেলোয়াড়দের দেনাপাওনা নিয়েও। কিন্তু সে লড়াইয়ে দিন দিন যেন একা হয়ে পড়ছিলেন তিনি। যাঁদের কাছ থেকে সহযোগিতা পাবেন বলে ভেবেছিলেন সেই আইসিসি তাঁকে হতাশ করেছে বারবার। মে তাই আর পারলেন না। একরকম ক্লান্ত হয়েই রণে ভঙ্গ দিলেন। সরে দাঁড়ালেন ক্রিকেটারদের আন্তর্জাতিক সংস্থা ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনস (ফিকা) প্রধানের পদ থেকে।কেন পদত্যাগ করেছেন সেই কারণটাও স্পষ্ট করেই বলেছেন মে, ‘আমরা দেখছি দিনের পর দিন দুর্নীতি আর অসদাচরণের খবর শিরোনাম হচ্ছে। মনে হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহি, স্বাধীনতা আর খেলার স্বার্থ দেখার কাজ থেকে ক্রিকেট অনেক দূরে সরে গেছে। তার বদলে খেলাটি এখন নিয়ন্ত্রিত হচ্ছে হুমকি, ভীতি প্রদর্শন আর পেছনের দরজা দিয়ে হওয়া লেনদেনে।’কিন্তু এসব দেখার দায়িত্ব তো তাঁর নয়। সেজন্য ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি আছে। মের অভিযোগও ওখানেই। যাদের দায়িত্ব এসব কিছু দেখা তারাই যেন দেখেও না দেখার ভান করছে, ‘ক্রিকেটের অংশ হিসেবে আমরা আশা করেছিলাম আইসিসির শীর্ষ ব্যক্তিরা এ বিষয়গুলোর দিকে নজর দেবেন। তাঁরা নৈতিকতা আর আদর্শের দৃষ্টান্ত স্থাপন করবেন।’সেসব কিছু হয়নি বলেই শেষ পর্যন্ত হতাশ হয়ে সরে দাঁড়ালেন টিম মে। তবে হঠাৎ তাঁর এই সরে দাঁড়ানোটা যে ক্রিকেট এবং ক্রিকেটারদের জন্য খুব একটা ভালো হলো না সেটা তাৎক্ষণিক প্রতিক্রিয়াতেই জানিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মাইকেল ক্লার্ক, ‘একজন ক্রিকেটারের দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি তার অবদান ভোলার মতো নয়। টিম মে ছাড়া ক্রিকেটাররা কখনো এই পর্যায়ে আসতে পারত না।’ এএফপি।