ক্ষোভের দুয়ার খুলে দিলেন গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু তো ক্লাবের কান্ডারিই ছিলেন না, দীর্ঘদিন খেলেছেন ক্লাবের জার্সি গায়ে। বার্সেলোনার ঘরের ছেলেই ছিলেন পেপ গার্দিওলা। কিন্তু এখন সেই গার্দিওলাই মুখর বার্সেলোনা সভাপতি ও পরিচালকদের সমালোচনায়। অনেক দিনের জমে থাকা ক্ষোভের বন্ধ দুয়ার তাই খুলে দিলেন বায়ার্ন মিউনিখের নতুন কোচ।দায়িত্বে থাকা চার বছরে বার্সেলোনাকে এনে দিয়েছেন নতুন পরিচয়। জিতিয়েছেন সম্ভাব্য সব শিরোপাই। কিন্তু হুট করে ২০১২ সালে দায়িত্ব ছেড়ে দেন বার্সেলোনার। দূরে কোথাও নির্জনে এক বছরের অবসর জীবন কাটাতে চেয়েছিলেন। নিউইয়র্কে ফুটবলহীন এই নিরুপদ্রব, নির্ঝঞ্ঝাট সময়েই বায়ার্নের কোচ হিসেবে চুক্তি সই করে ফেলেন। তবে আনুষ্ঠানিকভাবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের দায়িত্ব নিয়েছেন মাত্রই কদিন আগে।এই মুহূর্তে ইতালিতে নিবিড় অনুশীলনে ব্যস্ত বায়ার্ন। সেখানেই গার্দিওলা কাঠগড়ায় দাঁড় করালেন বার্সা সভাপতি সান্দ্রো রোসেলসহ বোর্ড পরিচালকদের। দাবি করেছেন, ক্লাব ছাড়ার পরও বিভিন্নভাবে তাঁকে হেয় করার চেষ্টা করা হয়েছে, ‘আমি তাঁদের (প্রেসিডেন্ট ও পরিচালকদের) বলেছিলাম আমি ৬০০০ কিলোমিটার দূরে চলে যাচ্ছি। আমাকে শান্তিতে থাকতে দিন। কিন্তু তাঁরা কথা রাখেননি।’বার্সেলোনায় উত্তরসূরি টিটো ভিলানোভা ক্যানসারের চিকিৎসায় নিউইয়র্কেই ছিলেন বেশ কিছুদিন। গুঞ্জন উঠেছিল তাঁর চার বছরের সহকারী ও বন্ধু ভিলানোভাকে নাকি দেখতে পর্যন্ত যাননি গার্দিওলা। এই গুজবটাও উড়িয়ে দিয়েছেন, ‘সীমা ছাড়িয়ে যাওয়ার মতো অনেক কিছুই আসলে ঘটেছে। আমি কখনোই ভুলব না তারা টিটোর অসুস্থতাকে আমার বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করেছে। কারণ এটা পুরোপুরি মিথ্যা যে আমি নিউইয়র্কে কখনোই তাকে দেখতে যাইনি। আমি একবার তাকে দেখতে গিয়েছিলাম। এর বেশি যাইনি কারণ সেটা সম্ভব ছিল না। এটা তো আর আমার দোষ নয়। আমার এত বছরের সহকর্মীকে শুভ কামনা না জানানোর মতো অপবাদ খুবই বিস্বাদযুক্ত একটা ব্যাপার। আমি এটা কখনোই আশা করিনি।’কথা বলেছেন নেইমার ও মেসিকে নিয়েও। কদিন আগেই সান্তোস সহসভাপতি দাবি করেছেন, গার্দিওলা নাকি নেইমারকে বায়ার্নে চেয়েছিলেন। নেইমারের বাবাকে এমনও নাকি বলেছিলেন বার্সায় গেলে নেইমারের ক্ষতি হবে। কারণ মেসি-নেইমারকে একসঙ্গে সামলানোর ক্ষমতা নাকি ভিলানোভার নেই! গার্দিওলা এসব অভিযোগও উড়িয়ে দিয়েছেন, ‘আমি জানি না সান্তোসের সহসভাপতি কী বলেছেন। সম্ভবত তাঁর কাছের লোকজন ভুল বুঝিয়েছে, কারণ তাঁকে যে তথ্য দেওয়া হয়েছে সেসব ভুল। আমি কখনোই এমন কিছু বলিনি। আর সেরা খেলোয়াড়েরা সব সময় একসঙ্গে খেলতে পারে, তারা দুজন দীর্ঘদিন একসঙ্গে খেলার মতো সক্ষম।’ ৪২ বছর বয়সী স্প্যানিশ কোচ দাবি করেন, তিন বছর আগে রোসেলের অনুরোধেই নেইমারের সঙ্গে কথা বলেছিলেন বার্সেলোনায় নেইমার যাতে সই করতে রাজি হয়। গত জানুয়ারিতে ব্যালন ডি’অর পুরস্কারের সময়ও কথা বলেছেন। এমনকি নেইমারের বাবার সঙ্গে নিউইয়র্কে সাক্ষাৎ করার কথাও স্বীকার করেছেন। তখন এবং আগের দুবার তাঁর সঙ্গে আলোচনায়ও নাকি অন্তত ২০ বার বুঝিয়েছেন বার্সেলোনায় গেলে নেইমারের জন্য কতটা ভালো হবে সেটাই। এর মধ্যে কোথাও ভিলানোভা প্রসঙ্গ আসেনি। কেন আসবে? ‘সে (ভিলানোভা) সামর্থ্যবান কোচ কি না তা নিয়ে আমার বলার দরকার কী? সে পাঁচ বছর আমার সহকারী ছিল। গত বছর সে যা করেছে সেটাই তো তার হয়ে কথা বলে। কারণ সে ক্লাবকে এনে দিয়েছে ইতিহাসের সেরা মৌসুম।’—বলেছেন গার্দিওলা। নেইমার ও মেসি সম্পর্কে তাঁর কথা, ‘সেরা খেলোয়াড়েরা সব সময়ই একসঙ্গে খেলতে পারে এবং এই দুজনের (নেইমার ও মেসি) অনেক বছর ধরেই একসঙ্গে খেলার সামর্থ্য আছে।’ গার্দিওলার অভিযোগে অবশ্য বার্সা নিশ্চুপ থাকেনি। সহসভাপতি জর্ডি কার্দোনার বিস্ময় প্রকাশ করে বলেছেন, ‘সত্যি বলতে কি, আমি খুবই বিস্মিত। সে কী বলেছে আমি কিছুই বুঝতে পারছি না। আমি নিশ্চিত, সে কোনোভাবে ভুল তথ্য পেয়েছে। আমরা কখনোই টিটো ভিলানোভার অসুস্থতাকে কোনো কিছুর সঙ্গে জড়াইনি।’২৪ জুলাই প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে মুখোমুখি বার্সেলোনা-বায়ার্ন। বার্সেলোনা কর্তাদের যতই ধুয়ে দিন, আগের মতোই বার্সা-অন্তঃপ্রাণই আছেন গার্দিওলা। বার্সেলোনাকে তাই শুভ কামনা জানিয়েছেন সামনের দিনগুলোর জন্য। ওয়েবসাইট।