
২৮ বছর সেনাবাহিনীতে চাকরি করেছেন। জুনিয়র কমিশন্ড অফিসার হিসেবে অবসরে গেছেন ২০১১ সালে। সাদেক আলী মোল্লা কি ভাবতে পেরেছিলেন পুরস্কারের মঞ্চে উঠে এভাবে ছেলের পুরস্কার হাতে নেবেন! না, ভাবেননি। অনুষ্ঠান শেষে তাই বললেন, ‘কখনোই ভাবিনি ছেলের কীর্তিতে আমি এভাবে সম্মানিত হব। আমি নিজেকে ধন্য মনে করছি।’
অনুষ্ঠানে না থেকেও কম রোমাঞ্চিত ছিলেন না শাকিল আহমেদ। দিল্লিতে বিশ্বকাপ শুটিংয়ে অংশ নিতে যাওয়া ২২ বছর বয়সী এই তরুণ খবরটা জেনে দারুণ উচ্ছ্বসিত, ‘আমি কতটা খুশি ভাষায় প্রকাশ করতে পারব না। স্বপ্ন ছিল প্রথম আলোর পুরস্কার পাব। সেটা পেয়ে মনে হচ্ছে জীবনে বড় একটা অর্জন হলো আমার।’
রূপচাঁদা-প্রথম আলো বর্ষসেরা রানারআপ ২০১৬ পুরস্কারটা শাকিল নিতে পারেননি বলে তাঁর একটু আফসোস রয়েই গেছে। তবে বাবা পুরস্কার নিয়েছেন, এটা জেনে সেই আফসোস নিমেষেই দূর। শাকিল দিল্লি থেকে বলেন, ‘আমার এত দূর উঠে আসার পেছনে বাবার অনেক অবদান। তিনি আজ আমার পুরস্কার নিয়েছেন, এর চেয়ে বড় আনন্দের কিছু হয় না।’
গত বছর এসএ গেমসে শাকিল সোনা জেতেন ১০ মিটার ফ্রি-পিস্তল শুটিংয়ে। আন্তর্জাতিক অঙ্গনে সোনার জন্য বাংলাদেশের শুটিং যখন দশ মিটার এয়ার রাইফেলের দিকে তাকিয়ে থেকেছে সাম্প্রতিক বছরগুলোতে, তখনই সবাইকে অবাক করে শাকিল আসেন দৃশ্যপটে। পিস্তলকে করে তোলেন সোনা জয়ের নতুন বাহন।
অথচ শাকিল ছোট থেকে শুটিং করেননি। মাত্রই বছর চারেক আগে সেনাবাহিনীতে সিপাহি পদে চাকরি নেন। সেই সূত্রে সাভার নবীনগর শুটিং ক্লাবে শুটিং করতেন। ঢাকা ক্যান্টনমেন্টে ছিলেন অনেক দিন। বেশি ছিলেন যশোর ক্যান্টনমেন্টে। এসব বলতে বলতে বাবা তুলে আনেন শাকিলের ছোটবেলার কথা, যখন ছেলেকে পড়ার কথা বলতেন সারাক্ষণ।
সাদেক আলী মোল্লা তাই নিজেই অবাক ছেলের কীর্তিতে। শাকিল শুটার হবেন, এমন কিছু যে কখনো ভাবতেই পারেননি। আর দশটি ছেলের মতোই বেড়ে উঠছিল তাঁর তিন সন্তানের বড়জন। সাদেক আলী বলেন, ‘শুটিং জিনিসটা কী, সেটা আমরাও বুঝতাম না। শাকিলই এসব সঙ্গে আমাদের চিনিয়েছে।’ সেনাবাহিনীর প্রতিও কৃতজ্ঞতা জানান। পেছনে তাকিয়ে তাঁর মনে হয়, এই বাহিনীতে চাকরি না হলে হয়তো আজ শাকিল নামের সোনাজয়ীকে পেত না বাংলাদেশ!