খবরে থাকছেনই ফ্যাব্রিগাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলবদল নিয়ে কত খবর আর কত গুঞ্জন! বিশ্বজোড়া সংবাদমাধ্যমে দলবদল নিয়ে নিত্যনতুন খবরের মধ্যে প্রতিদিনই থাকছে একটা পুরোনো খবর। সেটা সেস ফ্যাব্রিগাসকে নিয়ে। ফ্যাব্রিগাস কী করবেন, বার্সেলোনায় যাবেন, নাকি আর্সেনালেই থেকে যাবেন? প্রায় প্রতিদিনই ফ্যাব্রিগাসকেন্দ্রিক খবরটা থাকে এ রকম। কাল অবশ্য সংবাদ সংস্থা এএফপি ফ্যাব্রিগাসের খবরটি উপস্থাপন করেছে একটু অন্যভাবে। বার্সেলোনার প্লে-মেকার জাভি হার্নান্দেজ বলেছেন—ফ্যাব্রিগাসকে আর্সেনাল এ মৌসুমেই ছেড়ে দিক, এরপর প্রয়োজন হলে এই বছরটা তাঁকে আর্সেনাল ধারে খেলাক। এরই মধ্যে একবার বার্সেলোনার ২৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আর্সেনাল বলে দিয়েছে—ফ্যাব্রিগাস বিক্রির জন্য নয়। এটা তো আর্সেনালের কথা, ফ্যাব্রিগাস কী চান? জাভি বুঝতে পারেন তাঁর স্প্যানিশ সতীর্থের মনের কথা। ‘আসন্ন মৌসুমে সেস কোথায় যেতে চায়, সেটা আমরা জানি। দক্ষিণ আফ্রিকায় ওর সঙ্গে আমরা প্রায় ৫টি সপ্তাহ কাটিয়েছি। তাই আমরা জানি, ও বার্সেলোনায় আসতে চায়। কিন্তু চুক্তি করার জন্য বেশি সময় বার্সেলোনা ও আর্সেনালের হাতে নেই। তবে আমি এ মৌসুমেই ওর বার্সায় যোগ দেওয়ার আশা ছাড়ছি না’—ডেইলি এক্সপ্রেস পত্রিকাকে বলেছেন জাভি।এদিকে বার্সেলোনার তোড়জোড় এবং ফ্যাব্রিগাসের মতিগতি দেখে আর্সেনাল সমর্থকদের মনে ভয় ধরে গেছে—শেষ পর্যন্ত হয়তো অধিনায়ককে হারাতেই হবে। তাই আর্সেনালের সমর্থকদের একটি দল জানিয়েছে, ফ্যাব্রিগাসকে বিক্রি করলে এমিরেটস স্টেডিয়ামের বাইরে অবস্থান ধর্মঘট করবে তারা।দলবদলের বাজারের আর যা গুঞ্জন, এর মধ্যে জার্মানির বিশ্বকাপ তারকা মেসুত ওজিলেরটিই আগে আসে। আপাতত ছুটি কাটাতে বউ আর ছেলেকে নিয়ে বার্সেলোনায় গেছেন ভের্ডার ব্রেমেনের মিডফিল্ডার। সেখানে তিনি নাকি লিওনেল মেসির জার্সি গায়ে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর এই বার্সাপ্রীতি দেখে অনেকেই মনে করছে, ওজিল না শেষে বার্সাতেই নাম লেখান!এদিকে চেলসির নেইমারকে পাওয়ার স্বপ্নটা মনে হয় পূরণ হচ্ছে না। সান্টোস জানিয়ে দিয়েছে, এই ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকারকে নিয়ে চেলসির সঙ্গে আলোচনা করার কোনো ইচ্ছাই তাদের নেই। ১৮ বছর বয়সী নেইমারকে নিতে ২০ মিলিয়ন ইউরো দিতে চেয়েছিল চেলসি। এএফপি, ওয়েবসাইট।