খরা কাটল ফ্রান্সের, রুনিরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন মাস আগে সর্বশেষ জয়ের মুখ দেখেছিল ফ্রান্স। তারপর অনেক কিছু হয়ে গেছে। বিশ্বকাপে গিয়ে কোনো ম্যাচ জিততে পারেনি। বহিষ্কার, কোচের বিরুদ্ধে খেলোয়াড়দের বিদ্রোহ, শাস্তি, কোচ বদল—অনেক কিছু হয়েছে। কিন্তু নতুন কোচের অধীনে নতুন ফ্রান্স দলও ভাগ্য বদলাতে পারছিল না।অবশেষে ৭ ম্যাচ পর একটা জয় পেল তারা আন্তর্জাতিক ফুটবলে। সারায়েভোতে স্বাগতিক বসনিয়া-হার্জেগোভিনাকে হারিয়েছে তারা ২-০ গোলে। ২০১২ ইউরোর বাছাইপর্বে গত পরশু অবশ্য বড়দের বড় জয় পাওয়ারই রাত ছিল।জার্মানি, ইতালি, সুইডেন জিতেছে বড় ব্যবধানে। নারীঘটিত বিতর্ককে মাঠের বাইরে রেখে আসা ওয়েইন রুনি গোল পেয়েছেন; বাছাইপর্বে টানা দ্বিতীয় ম্যাচ জিতেছে ইংল্যান্ড। তবে একমাত্র ‘উজ্জ্বল’ ব্যতিক্রম পর্তুগাল। অসলোতে খেলতে গিয়ে নরওয়ের কাছে ০-১ গোলে হেরে ফিরেছে তারা।তবে ইউরো বাছাইপবের্র একগুচ্ছ ম্যাচের রাতে ফ্রান্সের বহু কাঙ্ক্ষিত জয়টাই বেশি আলোচিত। শুরু থেকেই খুব দাপটের সঙ্গে খেলা ফ্রান্সকে ৭২ মিনিটে বাঁ পায়ের জোরালো শটে এগিয়ে দেন করিম বেনজামা। ৬ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে ফেলেন অধিনায়ক ফ্লোরেন্ত মালুদা।ইংল্যান্ড দল বিশ্বকাপ-ব্যর্থতা কাটিয়ে আগের ম্যাচেই ফর্মে ফিরেছে ৪-১ গোলে বুলগেরিয়াকে হারিয়ে। কিন্তু গোলদাতাদের তালিকায় রুনির নাম ছিল না। গত মৌসুমে ইংলিশ লিগের উজ্জ্বলতম স্ট্রাইকারের গোলখরা একটা দুশ্চিন্তা ছিল, সঙ্গে নতুন দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছিল এক দেহপসারিণীর সঙ্গে তাঁর অবৈধ সম্পর্কের খবরও।সবকিছুকে একেবারে উড়িয়ে দিয়েছেন রুনি। সুইজারল্যান্ডের বিপক্ষে ১০ মিনিটে দলের গোল-খাতা খুলেছেন। এরপর ৬৯ ও ৮৮ মিনিটে ব্যবধান বাড়িয়েছেন জনসন ও বেন্ট। তবে আলোচনায় শুধু রুনিই। স্পষ্ট বক্তা কোচ ফ্যাবিও ক্যাপেলো ম্যাচ শেষে সরাসরিই প্রশংসা করেছেন রুনির, ‘খেলা দেখেননি? আমার তো মনে হয়, ও (রুনি) দারুণ খেলেছে। ওর ওপর যথেষ্ট চাপ ছিল। তার পরও ভালো খেলেছে। আমাদের খেলার কেন্দ্রবিন্দু ছিল ও।’ক্যাপেলো যেমন রুনি-বন্দনা করছেন, তেমনই মিরোস্লাভ ক্লোসা ও লুকাস পোডলস্কিকে প্রশংসায় ভাসাচ্ছেন জোয়াকিম লো। ক্লাবের ফর্ম যেমনই থাক, জার্মানির জার্সি গায়ে দিলে এই দুজনের চেহারা কতটা বদলে যায়, তা টের পেল আজারবাইজান। প্রথমার্ধের অন্তিম লগ্নে পরপর দুই গোল পোডলস্কি ও ক্লোসার। অতিরিক্ত সময়ে ক্লোসা নিজের দ্বিতীয় আর দলের ষষ্ঠ গোল করেন।এই দুই গোলে ১০৩ ম্যাচে ৫৫ গোল করে জার্মানির সর্বোচ্চ গোলদাতা জার্ড মুলারের (৬২ ম্যাচে ৬৮) সঙ্গে ব্যবধানটা আরও কমিয়ে আনলেন ক্লোসা। অবশ্য নিজের পারফরম্যান্স নিয়ে কোনো উচ্ছ্বাস নেই। এমনকি দলের পারফরম্যান্সও মৌসুমের সেরা অবস্থায় পৌঁছায়নি বলে দাবি করছেন ক্লোসা।জার্মানদের চেয়ে ফারো দ্বীপপুঞ্জের বিপক্ষে ইতালির পাওয়া জয়টা ‘আকারে’ একটু ছোট। কিন্তু জিলার্দিনো, ডি রসি, কাসানো, কোয়াগলিয়ারেল্লা ও পিরলোর গোলে ৫-০ ব্যবধানে পাওয়া ইতালির এই জয়টা ১৯৯৩ সালের পর থেকে তাদের ইতিহাসে বৃহত্তম। বোঝাই যাচ্ছে, বিশ্বকাপ-ধাক্কা কাটিয়ে উঠে সিজারে প্রান্দেল্লি দলকে ঠিক রাস্তায় নিয়ে যাচ্ছেন।ওদিকে বার্সা থেকে ইন্টারে যাওয়া সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলে বড় জয় পেয়েছে সুইডেনও। হান্টেলারের জোড়া গোলে বিশ্বকাপ রানার্সআপ হল্যান্ড হারিয়েছে ফিনল্যান্ডকে। এএফপি, ওয়েবসাইট।