খর্বশক্তির বার্সারও বড় জয়
বার্সেলোনা উল্কার মতো নয় যে একবার কক্ষচ্যুত হলে মাটিই তাদের গন্তব্য হবে। আগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে পরাজয় তাই বার্সার মনোবলে কোনো চিড়ই ধরাতে পারেনি। ওই পরাজয়ের যন্ত্রণা ভুলে পরশু রেসিং সান্তান্দারকে নিজেদের মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিল তারা। অ্যাটলেটিকো মাদ্রিদ আগের ম্যাচটিতে বার্সেলোনার সঙ্গে জয়ের বিচ্ছেদ ঘটাতে পেরেছিল আসলে চোট আর নিষেধাজ্ঞার ‘সৌজন্যে’। চোট আর নিষেধাজ্ঞায় অ্যাটলেটিকোর বিপক্ষে খেলতে পারেননি দানি আলভেস, রাফায়েল মার্কেজ, জেরার্ড পিকেসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। নিষেধাজ্ঞার খড়্গ না থাকলেও পরশু চোটের কোপ ঠিকই ছিল। আলভেসের চোট তো সারেইনি, পরশু তাঁর সঙ্গে দর্শক হয়ে গিয়েছিলেন জাভি হার্নান্দেজ ও জ্লাতান ইব্রাহিমোভিচও। তাতে কি! অঁরি, ইনিয়েস্তা, মার্কেজরা তো ছিলেন। পরশু বার্সেলোনাকে আবার জয়ে ফেরালেন এঁরাই। ৩৪ মিনিটের মধ্যে এই তিনজনের তিন গোলই আসলে জয় নিশ্চিত করে দিয়েছিল। শেষ বাঁশি বাজার মিনিট ৬ আগে বদলি খেলোয়াড় থিয়াগো আলকান্তারার গোল জয়টাকে শুধু বড়ই করেছে।ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই সান্তান্দারকে কোণঠাসা করে ফেলে বার্সা। বক্সের মধ্যে মার্কেজের লম্বা বল দুর্দান্তভাবে নিয়ন্ত্রণ করেন ইনিয়েস্তা। আর তা থেকেই ক্লাবের হয়ে নিজের ৩০০তম ম্যাচে মৌসুমের প্রথম গোল পেয়ে যান তিনি। ৩৪ মিনিটে ফ্রি-কিক থেকে মার্কেজ নিজেই গোল করেন (৩-০)। এর আগে ২৯ মিনিটে ফ্রি-কিক থেকেই ব্যবধান দ্বিগুণ করেছেন অঁরি। এই ৩৪ মিনিটের মধ্যে রেসিং একবারের জন্যও বার্সেলোনার গোলে কিক নিতে পারেনি।অবশেষে বার্সেলোনা গোলরক্ষক ভিক্টর ভালদেস একটু ব্যস্ত হয়ে ওঠেন মিনিট চল্লিশের দিকে। পর পর দুটি আক্রমণ করে রেসিং। কিন্তু তা থেকে তাদের গোলবঞ্চিত করেন ভালদেস। লিওনেল মেসি, বোজান কিরকিচরা গোল মিস না করলে ব্যবধানটা বাড়তে পারত থিয়াগোর গোলের আগেই। এদিকে ব্যবধান বাড়া-কমার কোনো ঘটনাই ঘটেনি সিরি ‘আ’তে ইন্টার মিলান-সাম্পদোরিয়ার ম্যাচে। গোলশূন্য ম্যাচে উত্তেজনা বলতে যা ছিল তা লাল কার্ডবিষয়ক। ম্যাচের শেষ ১৬ মিনিট খেলা হয়েছে ১৯ জনের। ইন্টার মিলানের ২ জন এবং সাম্পদোরিয়ার ১ জন দেখেছেন লাল কার্ড। ৩৮ মিনিটের মধ্যে দুই সেন্টার ব্যাককেই হারায় ইন্টার। তাও আবার ৮ মিনিটের ব্যবধানে। ৩০ মিনিটে পোজ্জিকে ফাউল করে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ডিফেন্ডার ওয়াল্টার স্যামুয়েল। ৮ মিনিট পর ওই একই খেলোয়াড়কে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন করডোবা।পাজ্জিনি ৭৪ মিনিটে লাল কার্ড দেখার আগে ৩৫ মিনিট দুজন বেশি খেলোয়াড় নিয়ে খেলেছে সাম্পদোরিয়া। এর পরও ইন্টারের রক্ষণে চিড় ধরাতে পারেনি সফরকারীরা। তবে একটি পয়েন্ট নিতে পেরেও খুব খুশি সাম্পদোরিয়া কোচ লুইজি ডেলনেরি, ‘এই ফল নিয়ে আমার হতাশ হওয়ার কোনো কারণই নেই।’ আর ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ইন্টারের কোচ হোসে মরিনহো? তাঁর অনুভূতি জানার কি আর উপায় আছে! রেফারিং নিয়ে ক্ষুব্ধ কোচ কাউকে যে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনেই পাঠায়নি।জার্মানির বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের ছিল একটি লিগ রেকর্ডের হাতছানি। টানা ১০ ম্যাচ জয়ের সেই রেকর্ড তারা ছুঁতে পারেনি নুরেমবার্গের সঙ্গে ১-১ গোলে ড্র করায়। তবে এতে খুব একটা হতাশ নন লিগ শীর্ষে থাকা বায়ার্নের কোচ লুইস ফন গল। রেকর্ড নয়, বায়ার্ন শিরোপার জন্য খেলছে—বলে দিয়েছেন তিনি। এএফপি।