খলনায়কের নাম মাসিমো বুসাক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 জোহানেসবার্গযতটা পর্যন্ত স্বাগতিক দেশ বিশ্বকাপে টিকে থাকে, সেই পর্যন্তই আয়োজনের আলো থাকে। সমর্থকদের মনে রং থাকে, মুখে কলকাকলি থাকে। পরশু মধ্যরাত থেকেই সেই রং, সেই আলো মনে হলো ফ্যাকাশে হয়ে পড়ছে। প্রিটোরিয়ার লফটাস ভার্সফেল্ড স্টেডিয়ামে ডিয়েগো ফোরলানের উরুগুয়ে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে আয়োজকদের উৎসবে জল ঢেলে দিয়েছে। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্নটা এখন ছিনতাই হওয়ার পথে।কোচ আলবার্তো পাহেইরা বলছেন বটে, শেষ ম্যাচে ফ্রান্সকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ডে ওঠা সম্ভব। কিন্তু ওই আশায় বুক বাঁধতে গেলে যে অনেক সাহস লাগে। দেশের সেরা গোলরক্ষক ইতুমেলেং খুনে লাল কার্ড দেখেছেন। অন্য খেলোয়াড়দের মনোবলের পারদ নেমে গেছে নিচে। আনেলকা, অঁরি, রিবেরিদের হাত থেকে কে উদ্ধার করবে দলকে?পরশু দিনটাই যেন বিশ্বকাপে অমঙ্গলের বাতাস উড়িয়ে এনেছিল। বাফানা বাফানাদের পরাজয়ের আগে ডারবানে ঘটে গেছে বিশাল অঘটন। ৮৫ বছর আর ১৯ ম্যাচ পর সুইজারল্যান্ড হারিয়ে দিয়েছে ‘হট ফেবারিট’ স্পেনকে।আয়োজক দেশের স্বপ্ন পেল মস্ত চোট, সবচেয়ে ফেবারিট দল অঘটনের শিকার—বিশ্বকাপটাই না মাঝপথে দিগ্ভ্রান্ত হয়ে পড়ে! ফান্সের লেকিপ পত্রিকার সাংবাদিক স্তেফান বেশ মজার লোক। চোখমুখ নাচিয়ে বললেন, ‘আরে, কিছুই হবে না। ফ্রান্স আছে না! এবার বিশ্ব চ্যাম্পিয়ন তো হবে ফ্রান্স। লে ব্লুরাই মাতিয়ে রাখবে এই বিশ্বকাপ।’‘বাফানা বাফানা উরুগুয়ের কাছে হারের পর গর্জন করছে। ওরা শেষ ম্যাচে ফ্রান্সকে পিষে মারবে!’—এ কথা শুনে অবিশ্বাসের চোখে তাকায় স্তেফান, আসলে অবিশ্বাস নয়, কৌতুক, ‘তাই নাকি! দেখো আমাদের আছে বিশ্বসেরা কোচ, রেমন্ড ডমেনেখ যার নাম। আমাদের আছে বিশ্বসেরা স্ট্রাইকার অঁরি, আমাদের আছে বিশ্বসেরা মিডফিল্ডার রিবেরি। আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি, দক্ষিণ আফ্রিকার মতো দলের সঙ্গে দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ের জন্য নয়।’বুঝে নিতে কষ্ট হয় না স্তেফানের এসব কথা অনেক কষ্ট থেকে বলা। ১৯৯৮ চ্যাম্পিয়ন আর গত বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্স এবার প্রথম ম্যাচে জিততে পারল না উরুগুয়ের বিপক্ষে। স্ট্রাইকাররা তেকাঠিটা খুঁজে পেলেন না। এখন টিকে থাকার লড়াইয়ে নামতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে।বিশ্বকাপে গতবারের ফাইনালিস্টদের আসতে হয়েছে কত না ঘাম ঝরিয়ে। আয়ারল্যান্ডের সঙ্গে খেলতে হয়েছে প্লে-অফ। থিয়েরি অঁরির সেই হ্যান্ডবল নিয়ে কতই না বিতর্ক। সেই ফ্রান্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা আশার পাল তুলে ধরেছে। কার্লোস আলবার্তো পাহেইরা বলছেন, ‘সব শেষ হয়ে যায়নি। আমরা ফ্রান্সকে হারিয়েই দ্বিতীয় রাউন্ডে উঠব।’ পাহেইরা বলছেন বটে, তাঁর কথায় আশা ধরে রাখার লোক তেমন পাওয়া যাচ্ছে না। বিশ্বকাপের ইতিহাসে কোনো আয়োজক দেশের প্রথম রাউন্ডেই বিদায় নেওয়ার রেকর্ডটা বোধহয় লিখতেই যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।মিডিয়া সেন্টারে, মিডিয়া ট্রিবিউনে ঢোকার পথে যে দক্ষিণ আফ্রিকানের সঙ্গেই কথা হয়, বলেন, ‘এমন লজ্জার মুখে আমরা পড়তাম না। ওই রেফারিই সব শেষ করে দিয়েছে।’কোন রেফারি? সুইজারল্যান্ডের মাসিমো বুসাক্কা, যিনি দক্ষিণ আফ্রিকা ম্যাচটি চালিয়েছেন। ৭৭ মিনিটে ‘বিতর্কিত’ লাল কার্ড দেখিয়েছেন বাফানা বাফানা গোলরক্ষক ইতুমেলেং খুনেকে। পাহেইরা প্রচণ্ড খেপেছেন এই রেফারির ওপর। তাঁর দাবি, খুনেকে লাল কার্ড দেখানোর আগেই তো উরুগুয়ের এক খেলোয়াড় অফসাইড হয়েছেন! রেফারির চোখে ওটা পড়ল না কেন? গোটা দক্ষিণ আফ্রিকায় খলনায়ক হয়ে দাঁড়িয়েছেন বুসাক্কা।স্পেনকে হারিয়ে সুইজারল্যান্ডের ইতিহাস গড়ার দিনে এই পাওনা ছিল এক সুইস রেফারির? বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে সবাই ধারণা করেছিলেন, রেফারির আশীর্বাদ থাকবে দক্ষিণ আফ্রিকার ওপর। তা না হলে যে আয়োজক দেশের লজ্জার রেকর্ডটা তাদের অধিকারে যাবেই। কিন্তু রেফারির আশীর্বাদ পেল না দক্ষিণ আফ্রিকা। ইতিহাস কীভাবে ঘুরে দাঁড়ায়!২০০২ সালে দক্ষিণ কোরিয়ার জন্য আশীর্বাদ হয়ে এসেছিলেন একজন বায়রন মরেনো। আট বছর পর দক্ষিণ আফ্রিকার জন্য অভিশাপ বয়ে আনলেন একজন বুসাক্কা।