খসড়া নির্বাচনী তফসিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ ও র‌্যাবের নিরাপত্তাবলয়ের মধ্যে বৈঠকে বসে গতকাল বিকেলে খসড়া নির্বাচনী তফসিল ঘোষণা করেছে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের পরই চূড়ান্ত তফসিল ঘোষণা করা হবে। এই নির্বাচনী তফসিল ঘোষণাকে কেন্দ্র করে স্টেডিয়াম এলাকা সংঘর্ষের আশঙ্কায় উত্তপ্ত হয়ে ওঠায় আগের রাতে রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন নির্বাচনপন্থী ও নির্বাচনবিরোধী দুই গ্রুপকে নিয়ে সমঝোতা বৈঠক করেন। এই পরিপ্রেক্ষিতে রাজশাহী ক্রীড়াঙ্গন রক্ষা কমিটি তাদের নির্ধারিত ঘেরাও কর্মসূচি স্থগিত রাখে। রাজশাহী ক্রীড়াঙ্গন রক্ষা কমিটির আহ্বায়ক মাহমুদ জামাল কাল বলেছেন, ‘এই সভায় মেয়রের সমঝোতাকে গুরুত্ব না দিয়ে তারা তফসিল ঘোষণা করেছে। মেয়র আমাদের বলেছিলেন, এই সভায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে না। এ জন্য আমরা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি থেকে বিরত ছিলাম।’ এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ সচিব শফিক আনোয়ার স্বাক্ষরিত একটি চিঠিতে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হয়েছে—মর্মে একটি চিঠি পাওয়া গেছে। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতিকে ইমতিয়াজ আহমেদ শামসুল হুদার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে চিঠিতে। জেলা প্রশাসক আবদুল হান্নান জানিয়েছেন, ‘সাধারণ সম্পাদকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের চিঠি ফ্যাক্সের মাধ্যমে পেয়েছি। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা পরে নেওয়া হবে।’কয়েক দিন ধরেই নির্বাচন নিয়ে জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কমিটি ও কথিত রাজশাহী ক্রীড়াঙ্গন রক্ষা কমিটির পাল্টাপাল্টি কর্মসূচির কারণে উত্তপ্ত রয়েছে স্টেডিয়াম এলাকা। জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী ২৮ অক্টোবর।