খাজার আউট নিয়ে তোলপাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলের ছোঁয়া লাগেনি ব্যাটে। অথচ ইংলিশ ক্রিকেটারদের আবেদনে সাড়া দিলেন আম্পায়ার। রিভিউয়ের পরও উসমান খাজাকে (ডানে) ‘আউট’ ঘোষণা করলেন তৃতীয় আম্পায়ার ধর্মসেনা। এ নিয়ে উঠেছে বিতর্কের ঝড় ছবি: রয়টার্স
বলের ছোঁয়া লাগেনি ব্যাটে। অথচ ইংলিশ ক্রিকেটারদের আবেদনে সাড়া দিলেন আম্পায়ার। রিভিউয়ের পরও উসমান খাজাকে (ডানে) ‘আউট’ ঘোষণা করলেন তৃতীয় আম্পায়ার ধর্মসেনা। এ নিয়ে উঠেছে বিতর্কের ঝড় ছবি: রয়টার্স

আম্পায়ারদের সিদ্ধান্তে ভুল হতেই পারে। ক্রিকেট মাঠে ভুল নতুন কিছু নয়। তবে গতকাল অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম দিনে উসমান খাজার আউটটা কিছুতেই মানতে পারছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। আনুষ্ঠানিক অভিযোগ করে আইসিসির কাছে ব্যাখ্যাও দাবি করেছে অসিরা। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

বিবৃতিতে সাদারল্যান্ড বলেন, ‘আমরা বুঝি এবং স্বীকার করি, কোনো কোনো সময় আম্পায়ারদের ভুল হতেই পারে। তবে এ ঘটনায় ওই খেলোয়াড় (উসমান খাজা), দল ও ক্রিকেট-সমর্থকদের পক্ষ থেকে আমাদের মনে হয়েছে, আম্পায়াররা কীভাবে সিদ্ধান্তে উপনীত হলেন সেই ব্যাখ্যা পাওয়া দরকার। আমরা মনে করি, মাঠের ভেতরের সিদ্ধান্ত এবং ডিআরএসের মাধ্যমে রিভিউয়ের সিদ্ধান্ত দুটিই ভুল ছিল।’

রিভিউয়ের পরও তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা কীভাবে খাজাকে আউট ঘোষণা করলেন, ব্যাপারটা সত্যি রহস্যের। সোয়ানের বলে কট বিহাইন্ডের আবেদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ চান ব্যাটসম্যান খাজা। রিপ্লেতে খালি চোখেই মনে হয়েছে, বলের ছোঁয়া লাগেনি ব্যাটে, হটস্পটে ধরা পড়েনি বলের স্পর্শ। অস্পষ্ট একটা শব্দ শোনা গেলেও সেটা ব্যাট-প্যাডের শব্দ বলেই মনে হচ্ছিল। পরে স্নিকোমিটার নিশ্চিত করল, আউট ছিলেন না খাজা। অথচ মাঠের আম্পায়ারের সিদ্ধান্তটাই বহাল রাখলেন আইসিসির বর্ষসেরা আম্পায়ার ধর্মসেনা!

সিডনি মর্নিং হেরাল্ডের খবরে বলা হয়, ক্রিকেট অস্ট্রেলিয়া তো বটেই, খাজার আউটের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কেভিন রাডও। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে তাঁর প্রতিক্রিয়া, ‘আমার দেখা সবচেয়ে বাজে ক্রিকেট আম্পায়ারিংয়ের অন্যতম এটি।’ অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার, বর্তমানে স্কাই স্পোর্টসের হয়ে ধারাভাষ্যের কাজ করা শেন ওয়ার্নের চোখে সিদ্ধান্তটা ‘হাস্যকর’। হতাশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস রজার্সও, ‘রিপ্লেতে আমরা যা দেখেছি, ইংল্যান্ডের ক্রিকেটাররাও বোধ হয় খাজার আউটের আশা ছেড়ে দিয়েছিল। এটা সত্যি হতাশাজনক। আমার মনে হয়, আম্পায়ারদের সিদ্ধান্ত নতুন করে প্রশ্নবিদ্ধ হলো।’