খাজার সম্ভাবনা, ওয়ার্নারের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাগি গ্রিন ক্যাপে তাঁকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০১১ সালের ডিসেম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই টেস্টের দুই ইনিংস মিলিয়ে উসমান খাজার রান ৩০ (৭, ২৩)।  সেই থেকে এখন পর্যন্ত আর অস্ট্রেলিয়ার হয়ে সাদা পোশাকে মাঠে নামা হয়নি তাঁর। কিন্তু প্রায় দেড় বছর পর অ্যাশেজে আবার সেই সুযোগ এই বাঁহাতি ব্যাটসম্যানের সামনে।

সুযোগটা যতটা না উসমান খাজার নিজের পারফরম্যান্সের কারণে তার চেয়ে বেশি অন্যদের সাম্প্রতিক ব্যর্থতায়। মাঠের বাইরে অসংযত আচরণের জন্য নিষিদ্ধ ডেভিড ওয়ার্নার। অ্যাশেজের দলে থাকলেও তিনি খেলতে পারবেন কি না, এটা নিয়ে শঙ্কা রয়ে গেছে এখনো। রান করাটা ভুলতে বসেছেন শেন ওয়াটসন। ছন্দে নেই ফিল হিউজ। আর অধিনায়ক মাইকেল ক্লার্কও চোট থেকে এখনো সেরে ওঠেননি পুরোপুরি। হঠাৎ করেই তাই কপাল খুলে যাওয়ার সম্ভাবনা খাজার। এমনকি অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে সর্বশেষ চার ম্যাচে তাঁর রান ৫১, ৮, ০ ও অপরাজিত ২৯ হওয়ার পরও। এতটাই দুর্দিন চলছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের!

যে কারণেই হোক, একাদশে খেলার সম্ভাবনা যে একটা তৈরি হয়েছে সেটা জানেন খাজা নিজেও। সুযোগটা অন্যদের ব্যর্থতায় পেলেও তাই নিজেকে প্রমাণ করেই দলে জায়গা পাকা করতে চান, ‘আমি দলে জায়গা পাওয়ার জন্য উদ্গ্রীব। দেশের হয়ে খেলার সময় সবাই সেরাটাই দিতে চায়, আর অস্ট্রেলিয়ার হয়ে খেলাটা তো আরও গর্বের। কিন্তু অ্যাশেজ শুরু হতে এখনো অনেক দেরি এবং আমি সেই পর্যন্ত অপেক্ষা করতে চাই।’

উসমান খাজার জন্য যেটা সম্ভাবনা, ডেভিড ওয়ার্নারের জন্য সেটা শঙ্কা। জো রুটের সঙ্গে মারামারি-কাণ্ডের পর অ্যাশেজে খেলা কিছুটা অনিশ্চিত হয়ে গেছে তাঁর। তবে শোনা যাচ্ছে ওয়ার্নারকে যদি ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে রাখাও হয়, তাঁকে ব্যাটিং-অর্ডারে নিচের দিকে নামানো হবে। ক্রিকইনফো।