খাজায় মজেছে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রথম মুসলিম ক্রিকেটার। আবার বৈমানিকও, বিমান চালনায় ডিগ্রি নিয়েছেন ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে। দুর্দান্ত গিটার বাজান, গানের গলাটাও খারাপ নয়। নিউ সাউথ ওয়েলসের ড্রেসিংরুমে দারুণ জনপ্রিয়। উসমান খাজাকে নিয়ে আগ্রহের শেষ নেই। প্রথম টেস্ট ইনিংসে খাজা বুঝিয়ে দিয়েছেন, ব্যাটিংটাও খারাপ করেন না!মাত্রই ৩৭ রান। কিন্তু ১২০ মিনিট আর ৯৫ বলের ওই ইনিংসেই খাজা বুঝিয়ে দিয়েছেন নিজের জাত। জমাট রক্ষণ, টেম্পারামেন্ট, ইতিবাচক মানসিকতা আর শরীরী ভাষা দিয়ে খাজা যেন জয় করে নিয়েছেন পুরো অস্ট্রেলিয়ার মন। পত্রপত্রিকা ও টিভিতে পাকিস্তানি বংশোদ্ভূত ২৪ বছর বয়সী তরুণের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ক্রিকেটবোদ্ধারা। সবচেয়ে বড় প্রশংসাটা পেয়েছেন স্টিভ ওয়াহর কাছ থেকে। সাবেক অস্ট্রেলীয় অধিনায়কের ধারণা, রিকি পন্টিংয়ের ব্যাটিং পজিশনই পাল্টে দিতে পারেন খাজা, ‘৩ নম্বরে রিকি অসাধারণ ব্যাটসম্যান, হয়তো আরও কিছুদিন অসাধারণ থাকবে। তবে খাজা যেভাবে খেলেছে, তাতে পরিষ্কার, সে অস্ট্রেলিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ। ৩ নম্বরে কে খেলবে নির্ধারণ করা নির্বাচকদের জন্য কঠিনই হবে।’অভিষেকেই এমন নির্ভার খেলার কৃতিত্বটা খাজা দিয়েছেন তাঁর প্রথম টেস্ট অধিনায়ককে, ‘ম্যাচের আগে পাপ (মাইকেল ক্লার্ক) আমাকে একটা টেক্সট মেসেজ পাঠিয়েছিল। লেখা ছিল, ০ করি বা ৪০০, টেস্ট অভিষেকের দিনটা হবে আমার জীবনের সেরা দিন। সে আমাকে নির্ভার হতে সাহায্য করেছে, অভিষেক ম্যাচে অধিনায়কের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আমি আর চাইতে পারতাম না।’ খাজার স্বপ্নপূরণের দিনটা আরও স্বপ্নময় হয়েছে দিনের শুরুতেই, যখন ব্যাগি গ্রিনটা পেলেন সাবেক অধিনায়ক মার্ক টেলরের হাত থেকে, ‘দারুণ ভালো লাগার আর আবেগময় ছিল মুহূর্তটা। মনে হচ্ছিল, এর চেয়ে ভালো কিছু জীবনে আর ঘটেনি।’ব্যাটিং দিয়ে বাকি সব প্রায় আড়াল করে দিয়েছেন। মুসলিম, অ্যালকোহল ছুঁয়েও দেখেন না, তাঁর মাঠের বাইরের জীবন নিয়ে কৌতূহল তবু থাকছেই। খাজা অবশ্য এ নিয়ে এত কথাবার্তার কারণ বুঝতে পারছেন না। মজা করে বললেন, ‘চাইলে যেকোনো বিষয় থেকেই অনেক কিছু বের করা যায়। বলতে পারেন, সপ্তাহের সাত দিন চব্বিশ ঘণ্টা জিব বের করে রাখা প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার মাইকেল বিয়ার। আমার ধর্মবিশ্বাসটা একান্তই আমার নিজের। পাকিস্তানি বংশোদ্ভূত প্রথম ক্রিকেটার পরিচয়টাই বরং বেশি গুরুত্বপূর্ণ।’ ওয়েবসাইট।