খাদিজার কল্যাণে সেমির হাতছানিও!
সন্ধ্যা নামার আগেই কুয়াশায় ঢেকে গেল বিকেএসপির নতুন ক্রিকেট মাঠটা। একটু আগের দৃশ্যাবলি দিয়ে মালা গাঁথলে সেখানে কুয়াশার কোনো স্থান নেই। সারা মাঠে চলছে আনন্দ-উল্লাস। শীতের বিকেলের আবছা আলোতেও অনেক উজ্জ্বল লাগছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে।সেই ঔজ্জ্বল্যের স্মারক হয়ে এল আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের বিশাল জয়। নিজেরা ২০৯ রান তুলে আয়ারল্যান্ডকে অলআউট করেছে ৩৬.৫ ওভারে ১১৪ রানে। মহিলা ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস পাওয়া যাবে আয়ারল্যান্ডকে হারালেই—এমন সমীকরণই সবাই জানত। কিন্তু হিসাবে ছিল গরমিল!না, হতাশার কিছু নেই। বাংলাদেশের ওয়ানডে স্ট্যাটাস হাতের নাগালেই। অপেক্ষা একটু বাড়ছে এই আরকি! সমীকরণটা এমন—আগামীকাল তিন ম্যাচেই জয়ী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচ। এটিতে হার ধরে নিলেও বাংলাদেশ ‘বি’ গ্রুপে তৃতীয় হচ্ছেই। আয়ারল্যান্ড ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে ১৯৮৭ সালে, সেই দলকে সরিয়ে তৃতীয় হওয়া একটা অর্জন অবশ্যই।বাংলাদেশ তৃতীয়ই-ই থাকলে ২২ তারিখ গ্রুপ ‘এ’র দ্বিতীয় দলের সঙ্গে প্রথম প্লে-অফ (দক্ষিণ আফ্রিকা অথবা শ্রীলঙ্কা)। ওই ম্যাচে জিতলে ওয়ানডে স্ট্যাটাস তো মিলবেই, উপরন্তু সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ। টিকিট পাবে ভারতে অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে খেলার। গতকালই ওয়ানডে স্ট্যাটাস না মিললেও আরও বড় একটা অর্জনের হাতছানি তো পাওয়া গেছে!এ-২-এর কাছে বাংলাদেশ হারলে ২৪ তারিখ এ-৪-এর সঙ্গে ম্যাচ (যুক্তরাষ্ট্র অথবা জিম্বাবুয়ে)। জিতলে সেরা ছয় নিশ্চিত। তখন আরেকটি ম্যাচ থাকবে, যেটি পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী। হারলে ৭-৮ স্থানের জন্য খেলতে হবে। অদ্ভুত একটা ফরম্যাট। ঠিক হকির মতো।ম্যাচ-ট্যাচ ফেলে বিকেএসপির তিন নম্বর মাঠে এই ফরম্যাটটাই কাল বড় হয়ে উঠল। আর এটা ভীষণ ভোগাল উপস্থিত সবাইকে। কেউ ঠিকভাবে বুঝে উঠতে পারছিল না। তা যতই খাদিজাতুল কুবরা ৬ উইকেট নিয়ে আইরিশদের ধসিয়ে দিন না কেন! জীবনে তৃতীয় আন্তর্জাতিক ম্যাচেই প্রথম ছয় উইকেট, ম্যাচসেরার পুরস্কার—কুবরার সঙ্গে কথা বলার চেয়ে সবাই বেশি ব্যস্ত তখন হিসাব-নিকাশে।আইরিশ ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নেন পেসার পান্না ঘোষ, ওপেনার ক্লেয়ার শিলিংটন এলবিডব্লু। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতে আয়ারল্যান্ড ৬০ পেরিয়ে গেলে বাংলাদেশ শিবিরে জমে উদ্বেগ, কী জানি হয়! কিন্তু এটির স্থায়িত্ব ছিল সামান্যই। তারপর থেকে আইরিশদের উইকেটে আসা-যাওয়ার মিছিল। দেখতে দেখতেই ইনিংস শেষ।খাদিজার অফ স্পিনে আস্তে আস্তে বেসামাল আইরিশরা, বিকেল তিনটার পর থেকে পিচ আরও মন্থর হলো, বল আসতে লাগল নিচু হয়ে। আইরিশ ব্যাটসম্যানরা শট খেলতে পারেননি, ঠেকাতে গিয়ে তিনটি বোল্ড, একটি ফিরতি ক্যাচসহ খাদিজার বোলিংয়ে আরও দুটি ক্যাচ। বাংলাদেশ তখন শুধু উল্লাস করছে।বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন বলেছিলেন, ‘স্পিনেই ওদের ঘায়েল করব।’ টার্নিং উইকেটে আয়ারল্যান্ডসহ ছোট ‘দলগুলো’ যে দুর্বল, সেটি প্রমাণিত। তবে কুয়াশায় আধঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে টসজয়ী বাংলাদেশ ২০৯ করলেও রানটা কমই হয়েছে। এই পিচেই দক্ষিণ আফ্রিকা ৩৪৩, ওয়েস্ট ইন্ডিজ ২৯৫। দিন শেষে যদিও বাংলাদেশের ২০৯ রানই ‘পাহাড়সম’ হয়ে গেছে, তবে বাংলাদেশের হারানো ৭ উইকেটে ৫টিই রানআউট হওয়াটা নিশ্চয়ই শুভলক্ষণ নয়।অধিনায়ক সালমা খাতুন এবং শুকতারা রহমান ৮৬ রানের জুটি গড়েছেন তৃতীয় উইকেটে। সালমা-লতা চতুর্থ উইকেট জুটিতে ৪৯। সালমা ৭৩, শুকতারা ৪৭, লতা ৩১। আইরিশরা দিয়েছে প্রচুর আলগা বল। অনেক সময়ই কাজে লাগানো যায়নি। দিন শেষে এসব আর কে মনে রেখেছে! তবে ম্যাচের পর এক আইরিশ খেলোয়াড়ের চোখের জল মোছাটা মনে থাকবে। আনন্দের পাশে তো দুঃখ এমনই থাকে।