খাদের কিনারায় ডর্টমুন্ড
তিন সপ্তাহ আগের একটা হার কত কঠিনই না করে দিয়েছে ডর্টমুন্ডের পথ। এতই যে, গতবারের রানার্সআপরা এবার গ্রুপ পর্ব পেরোতে পারবে—এমন বাজি ধরার লোক এখন বেশি নেই!
নিজের মাঠে আর্সেনালের কাছে হেরে খাদের কিনারে দাঁড়ানো ইয়ুর্গেন ক্লপের দলের আজ চ্যাম্পিয়নস লিগে জীবন-মরণ লড়াই নাপোলির বিপক্ষে। জয় ছাড়া অন্য কিছু হলে এক ম্যাচ আগেই বিদায়ঘণ্টা বেজে যেতে পারে ডর্টমুন্ডের। সিগনাল ইডুনা পার্কে নাপোলিকে হারিয়ে কি ক্ষীণ আশার প্রদীপ জ্বালিয়ে রাখতে পারবেন ইয়ুর্গেন ক্লপের ছাত্ররা?
ডর্টমুন্ডের কঠিন পরীক্ষার এই দিনে নকআউট পর্বের টিকিট কাটতে মাঠে নামবে দুই লন্ডনি ক্লাব আর্সেনাল ও চেলসি। এমিরেটস স্টেডিয়ামে গানারদের প্রতিপক্ষ এরই মধ্যে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ে যাওয়া মার্শেই। ডর্টমুন্ড যদি নাপোলির কাছে হেরে যায় তাহলে ফরাসি ক্লাবের সঙ্গে ড্র করলেই নকআউট পর্বে চলে যাবে আর্সেন ওয়েঙ্গারের দল। আর সিগনাল ইডুনা পার্কের ম্যাচটা ড্র হলে পরের রাউন্ডের টিকিট পেতে আর্সেনালকে জিততে হবে মার্শেইয়ের বিপক্ষে, তখন শেষ ষোলোতে আর্সেনালের সঙ্গী হবে ইতালির নাপোলিও। হিসাব-নিকাশের এই গোলকধাঁধা থেকে বেরিয়ে আসার সবচেয়ে সহজ পথটা খুঁজে বের করেছেন ডর্টমুন্ড অধিনায়ক রোমান ভাইডেনফেলার, ‘আমাদের নিজের মাঠে নাপোলিকে হারাতেই হবে। এটাই একমাত্র উপায়।’
ক্লপের দলের সাম্প্রতিক ফর্ম অবশ্য বলছে ভিন্ন কথা। সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ তিনটি ম্যাচেই হেরেছে ডর্টমুন্ড। তিন ম্যাচে গোল করেছে মাত্র একটি! মাঠে প্রতিপক্ষের সঙ্গে দারুণ লড়েও দুর্বল ফিনিশিংয়ের কারণে পয়েন্ট হারাতে হচ্ছে জার্মান পরাশক্তিদের। নাপোলির বিপক্ষে আজ এই ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় সে জন্য সতীর্থদের আগাম সতর্ক করেছেন ভাইডেনফেলার, ‘আমাদের সুযোগ কাজে লাগাতে জানতে হবে। ফুটবলে জয়-পরাজয় ঠিক করে গোল আর এই মুহূর্তে আমরা গোল করতে পারছি না।’
ডর্টমুন্ডের মতো হিসাব এত গোলমেলে নয় ২০১১-১২ মৌসুমের চ্যাম্পিয়ন চেলসির জন্য। নকআউট পর্ব নিশ্চিত করার জন্য ওদের অন্য কারও ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে না। বরং সেন্ট জ্যাকব পার্কে আজ বাসেলের সঙ্গে ড্র করলেই এক ম্যাচ হাতে রেখে পরের রাউন্ডে উঠে যাবে হোসে মরিনহোর দল। সর্বশেষ ১৩ ম্যাচের মাত্র একটিতে হারা চেলসি তার পরও সতর্ক। স্ট্যামফোর্ড ব্রিজে এই বাসেলই যে তাদের ২-১ গোলে হারিয়েছে প্রথম লেগে!
আমস্টারডামে আয়াক্সের সঙ্গে ম্যাচটা বার্সেলোনার চেয়ে আয়াক্সের জন্যই বেশি গুরুত্বপূর্ণ। আগেই নকআউট পর্ব নিশ্চিত করে রাখা জেরার্ডো মার্টিনোর দল আজ ১ পয়েন্ট পেলে এক ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত করবে গ্রুপের শীর্ষস্থানও। তবে শেষ ষোলো দলের লড়াইয়ে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে আজ জয় ছাড়া কোনো বিকল্প নেই ডাচ চ্যাম্পিয়নদের। একই কথা প্রযোজ্য গ্লাসগোতে আজ সেল্টিকের মুখোমুখি হতে যাওয়া এসি মিলানের জন্যও। আগের লেগে সেল্টিককে নিজের মাঠে ২-০ গোলে হারিয়েছিল মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। আজকের ম্যাচেও যদি ফলটা নিজেদের পক্ষে রাখতে পারে আর ওদিকে বার্সেলোনা হারিয়ে দেয় আয়াক্সকে, তাহলে মিলানের পরের রাউন্ড নিশ্চিত হবে আজই! এএফপি।
আজ মুখোমুখি
বাসেল : চেলসি
বুখারেস্ট : শালকে
আর্সেনাল : মার্শেই
ডর্টমুন্ড : নাপোলি
জেনিত : অ্যাটলেটিকো
পোর্তো : অস্ট্রিয়া ভিয়েনা
আয়াক্স : বার্সেলোনা
সেল্টিক : মিলান