খাদের কিনারায় হল্যান্ড
শেষবারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম পর্ব থেকে হল্যান্ড বিদায় নিয়েছিল ১৯৮০ সালে । এরপর ‘টোটাল ফুটবল’ -এর জনকেরা কখনোই ইউরোর দ্বিতীয় পর্বে অপাঙক্তেয় থাকেনি। কিন্তু এবার ডাচরা কি সেই ১৯৮০ সালেরই ভাগ্য বরণ করতে চলেছে? অবস্থাদৃষ্টে যে তেমনই মনে হচ্ছে !দলটা একেবারেই মন্দ নয় হল্যান্ডের। ওয়েসলি স্নাইডার, আরিয়েন রোবেন, রবিন ফন পার্সির মতো তারকারা আলোকিত করেছেন হল্যান্ডের ড্রেসিং রুম। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। গোল করতে না পারার ব্যর্থতার কারণে যে দলটি এবারের ইউরোয় জয়ের স্বাদ পাওয়া ভুলে গেছে। নিজেদের মধ্যে সমন্বয়হীনতা, দুর্ভাগ্য—যেকোনো কিছুকেই দায়ী করা যেতে পারে। কিন্তু আসল কথাটা হচ্ছে, এবারের ইউরোয় নামের প্রতি একেবারেই সুবিচার করেনি বিশ্বকাপ ফুটবলের রানার্স আপ এই দলটি। ইউরোয় নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে খাদের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছেন ফন মারউইকের শিষ্যরা। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী জার্মানির কাছে পরাজয়টি মেনে নেওয়া গেলেও প্রথম ম্যাচে ডেনমার্কের বিপক্ষে হারটাই সবচেয়ে বেশি সর্বনাশ করেছে হল্যান্ডের। আজ নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পর্তুগালের বিপক্ষে তারা এক কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে। কোয়ার্টার ফাইনালে খেলতে হলে পর্তুগিজদের বিপক্ষে ডাচদের কেবল জয় পেলেই চলবে না। জয়ের ব্যবধানটা হতে হবে দুই গোলের। একই সঙ্গে অপেক্ষায় থাকতে হবে জার্মানি-ডেনমার্কের ম্যাচের ফলাফলের জন্য। জার্মানি ডেনমার্ককে হারাতে পারলেই কেবল পর্তুগালের বিপক্ষে ২ গোলের ব্যবধানে জয়টা কাজে লাগবে হল্যান্ডের।এদিকে, পর্তুগালের বিপক্ষে ম্যাচের আগে চ্যালেঞ্জটা চার দিক দিয়েই সামলাতে হচ্ছে কোচ বার্ট ফন মারউইককে। ডাচ মিডিয়া এই মুহূর্তে দারুণ খড়্গহস্ত কোচের ওপর। তাদের ক্ষোভটা মূলত স্ট্রাইকিং পজিশনে ফন পার্সির ওপর কোচের অতিরিক্ত আস্থার কারণে। তাদের দাবি, প্রথম একাদশে ক্লাস-জান হান্টেলালের মতো স্ট্রাইকারকে না খেলিয়ে কোচ ফন পার্সির ওপর অতিরিক্ত আস্থা রাখছেন। ডেনমার্কের বিপক্ষে ফন পার্সির পারফরম্যান্সে ছিল রীতিমতো যাচ্ছেতাই। মারউইক অবশ্য ডাচ গণমাধ্যমের এই দাবির কাছে নতি স্বীকার করতে যাচ্ছেন। আজ পর্তুগালের বিপক্ষে প্রথম থেকেই ইব্রাহিম অ্যাফেলের জায়গায় ক্লাস-জান হান্টেলারের খেলার সম্ভাবনা প্রবল।অন্যদিকে, হল্যান্ড-শিবিরের খেলোয়াড়দের মধ্যে ব্যক্তিগত কিছু ক্ষোভের ব্যাপারও কাজ করছে। প্রথম একাদশে সুযোগ না পাওয়ায় ক্লাস-জান হান্টেলারের ক্ষোভ তো আছেই। রাগ করে গাল ফুলিয়ে আছেন রাফায়েল ফন ডার ভার্টও। জার্মানির বিপক্ষে আরিয়েন রোবেন তো তাঁকে মাঠ থেকে উঠিয়ে নেওয়ার ক্ষোভ মাঠেই প্রকাশ করে গেছেন। পর্তুগালের বিপক্ষে মাঠে নামার আগে এই ব্যাপারগুলোও মারউইককে বড্ড ভাবিয়ে তুলেছে। ওয়েবসাইট।