খাদ্যাভ্যাসে সমস্যা ভারতীয় পেসারদের!
পেস বোলিং নিয়ে সমস্যাটা ভারতের দীর্ঘদিনের। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে জহির খানের অনুপস্থিতিটা যে সফরকারীদের বেশ ভালোই ভুগিয়েছে, তা বলাই বাহুল্য। চার ম্যাচের টেস্ট সিরিজে একবারও জয়ের দেখা পায়নি তারা। পেস বোলিং দিয়ে ইংলিশ ব্যাটসম্যানদের খুব বেশি সমস্যায় ফেলতে পারেননি ইশান্ত শর্মা ও প্রাভিন কুমাররা। ভারতীয় পেসারদের এ দুর্বলতার নতুন এক কারণ শনাক্ত করেছেন সাবেক উইন্ডিজ পেসার মাইকেল হোল্ডিং। ভালোমতো খাওয়াদাওয়া না করার কারণেই ভারতীয় পেসাররা দীর্ঘ সময় ধরে ভালো পারফরমেন্স দেখাতে পারেন না বলে মন্তব্য করেছেন এই উইন্ডিজ কিংবদন্তি। গতকাল ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচ চলাকালে টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্কারে হোল্ডিং বলেছেন, ‘ভারতীয় পেসাররা যখন দলে সুযোগ পায়, তখন তাদের অনেক সুনাম থাকে। কিন্তু দুই বা তিন বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর তারা দ্রুত বল করার ক্ষমতাটা হারিয়ে ফেলে। মুনাফ প্যাটেল এ ক্ষেত্রে একেবারে যুত্সই উদাহরণ। শুরুর দিকে সে খুবই চমত্কার বোলিং করত। কিন্তু কয়েক বছর পরেই তার গতি হারিয়ে গেছে। এখন তাকে চেনা যায় শুধু ভালো লাইন-লেন্থ বজায় রেখে বল করতে পারার জন্য। ইশান্ত শর্মার জন্যও একই কথা প্রযোজ্য। যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে তার অভিষেক হয়েছিল, তখন তাকে খুবই দ্রুতগতিতে বল করতে দেখেছিলাম। কিন্তু দুই বছর পরে দৃশ্যপট একেবারেই পাল্টে গেছে। এই পরিবর্তনটা আমার চোখে অবাক করার মতোই। তবে এর নেপথ্যের কারণটাও আমার জানা। তাদের খাবার গ্রহণের ক্ষেত্রে কোনো একটা সমস্যা আছে। যে কারণে তারা দীর্ঘদিন একইভাবে বল করে যাওয়ার মতো শারীরিক সামর্থ্য ধরে রাখতে পারে না। তাদের বল করার কলাকৌশলে আমি কোনো ত্রুটি দেখি না। কিন্তু কেউ যদি ভালোমতো খাওয়াদাওয়া না করে, তাহলে সে অবশ্যই শারীরিক ক্ষমতা হারিয়ে ফেলবে।’