খাবারেই লুকিয়ে আছে জোকোভিচের রহস্য!

একটা সময় খুব খেতে খুব পছন্দ করতেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। বাবা-মা পিত্জা রেস্তোরাঁ চালান। মুখরোচক খাবারের চল বাড়িতে রয়েই গেছে। কিন্তু শুনলে অবাক হতে হয়, টেনিস দুনিয়ার শীর্ষে আরোহণের পথে মুখরোচক খাবার আর নিজের মাঝখানে অমোচনীয় একটা দাগ টেনে দিয়েছেন তিনি। পারতপক্ষে এখন আর ওসব ছুঁয়েও দেখেন না জোকোভিচ।
খাদ্যাভ্যাসের কারণে জোকোভিচের সমস্যা দেখা দিয়েছিল ২০১০ সালে। হঠাত্ করেই অবসন্নতা আর ক্লান্তি পেয়ে বসেছিল। ক্লান্তির কারণে নিজের পারফরম্যান্স নিয়েও সমস্যার মধ্যে ছিলেন। এমন একটা সময়ে সার্বীয় ডায়েটিশান সেতজোভিচের পরামর্শে গ্লুটেন (আটা ও ময়দায় মধ্যে থাকা জৈব পদার্থ) ও দুগ্ধজাতীয় খাবারকে একেবারেই না বলে দেন। খাদ্যাভ্যাস পরিবর্তনের এক বছরের মাথায় জোকোভিচ র্যাঙ্কিংয়ে উঠে আসেন ১ নম্বরে। স্ট্যামিনা ও শক্তির বিচারে নিজেকেও ছাড়িয়ে যান। উঠে আসেন বিশ্বের শক্তিধর ক্রীড়াবিদদের কাতারে। বলা যায়, খাবারের মধ্যেই লুকিয়ে আছে জোকোভিচের উত্থানের রহস্য!
গ্লুটেন আর দুধের মিশেলহীন খাবার ত্যাগ করে তাঁর কী লাভ হয়েছিল? জোকোভিচের মুখেই শুনুন গল্পটা, ‘খাদ্যাভ্যাসের পরিবর্তনের পর আমার ওজন কমেছে। শরীর ঝরঝরে হয়েছে। আমি এখন আর আগের মতো দ্রুত ক্লান্ত হয়ে পড়ি না। মানসিকভাবেও চাঙা ও শক্তিশালী হয়েছি।’
যেকোনো ট্যুরে গেলে নিজের খাবারটা নিজেই রান্না করার চেষ্টা করেন জোকোভিচ। যে আবাসিক হোটেলে রান্নাঘরের সুবিধা নেই, তাতে ওঠেন না তিনি। এমনকি খাবারের সময় অন্য কোনো কাজ করেন না। যেমন, ল্যাপটপ চালানো কিংবা মোবাইল ব্যবহার। খাবার নিয়ে টেলিভিশনের সামনে গিয়ে বসে পছন্দের অনুষ্ঠানটি দেখার বাজে অভ্যেসও নেই তাঁর।
জোকোভিচের পদাঙ্ক অনুসরণ করতে চেয়েছিলেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। কয়েক দিন খুব আয়োজন করে ওসব খাবার মুখে তুলে রণে ভঙ্গ দিয়েছেন তিনি, ‘নোভাকের ওই ডায়েট আমার মুখে রোচে না। পেটেও সহ্য হয় না।’
খাবারের ব্যাপারে জোকোভিচের অনুসারী হয়ে পেরে উঠতে না পেরে মারের উপলব্ধি, ‘আমার মনে হয় স্বাস্থ্যকর খাবারই যথেষ্ট। কোনো দিন রেড মিট খেলাম তো তার আগের দিন মুরগি। রেড মিট ও মুরগির পর খেলাম মাছ, সঙ্গে সবজি তো থাকেই। খাবারটা একঘেয়ে না হলেই হয়।’ জোকোভিচের খাবারগুলো খেয়ে নাকি খুবই দুর্বল হয়ে পড়েছিলেন মারে, ‘ও খাবার আমার সহ্য হয়নি। খুব দুর্বল লাগত। তাই পুরোনো অভ্যেসেই ফেরত গেছি।’
জোকোভিচের খাদ্যতালিকা:
সকালের নাশতা: ঘুম থেকে উঠেই পানি। দুই চামচ মধু, সিদ্ধ যব, ক্র্যানবেরি ফল, পেঁপে, সূর্যমুখী বীজ, কিশমিশ, কাজুবাদামের রোল (অবশ্যই গ্লুটেনবর্জিত)
দুপুরের খাবারের আগে: গ্লুটেনহীন রুটি, বিস্কুট, টুনা মাছ, পেঁপে
দুপুরের খাবার: মিশ্র সবজি, পাস্তা। কোনোদিন আবার ভাত, সঙ্গে শাকসবজি, শসা, শুকনো টমেটো ও পনির
সন্ধ্যার নাশতা: কাজুবাদামের মাখন ও আপেল সঙ্গে ফুটি
রাতের খাবার: শাকসবজি, দানা শস্য, বাদাম, সামুদ্রিক মাছ, চিকেন স্যুপ, ভিনেগার দিয়ে ভাজা টমেটো।
পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে