
এ জন্যই কারও কাছ থেকে কেড়ে নিয়ে কিছু খেতে নেই। হাড়ে হাড়ে তা টের পাচ্ছেন নিক কিরিওস!
ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে আগের রাউন্ডেই নোভাক জোকোভিচকে হারিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান টেনিস তারকা। কিন্তু সেদিন মজা করেই একটা কাণ্ড করেছিলেন টেনিসের ‘ব্যাড বয়’। একেবারে সামনের সারিতে বসা এক দর্শকের চিপসের প্যাকেট থেকে চিপস খেয়ে ফেলেছিলেন। এভাবে ‘কেড়ে নিয়ে খাওয়া’ই কাল হলো? গতকাল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে রজার ফেদেরারের সঙ্গে ম্যাচ ছিল, সেটিতে খেলতেই পারলেন না কিরিওস। পেট গোলমাল করেছে। খাদ্যে বিষক্রিয়ার কাছে হেরে ফেদেরারকে ‘ওয়াকওভার’ দিতে বাধ্য হয়েছেন।
চিপসের কারণেই এমনটা হয়েছে, তার প্রমাণ অবশ্য নেই। তবে টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি এভাবে ভেস্তে যাওয়ায় হতাশ সবাই। কিরিওসও টুইটারে ভক্তদের কাছে ক্ষমা চেয়ে লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত অসুস্থতার কারণে আজ খেলতে পারছি না। এ মুহূর্তে এটিকে খাদ্যে বিষক্রিয়া মনে হচ্ছে, আশা করি এর চেয়ে বেশি কিছু নয়।’ ডেইলি মেইল।