খালি পা থেকে চকমকে বুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরভিনহো
জেরভিনহো

সতীর্থদের চোখেই তিনি সবচেয়ে কুৎসিত। ভালো নাচতে পারেন না এবং তাঁরই সবচেয়ে খারাপ ফ্যাশন। তাঁর চুলের স্টাইল, কপালের ব্যান্ড নিয়ে সরেস কৌতুকের অন্ত নেই। দলের মধ্যে সেই জেরভিনহোকে নিয়ে এখন মাতামাতি। দ্রগবা, তোরে ভাইদের ছাপিয়ে দুই ম্যাচে দুই গোল করে এই উইঙ্গারই হয়ে উঠেছেন বিশ্বকাপে আইভরিকোস্টের বিজ্ঞাপন।
আইভরিয়ান তরুণ ফুটবলারদের কাছে তিনি এখন উদাহরণ। আবিদজানের আবোবোতে কেটেছে শৈশব। সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি। একান্নবর্তী পরিবারে বড় হয়েছেন অভাবের সঙ্গে লড়াই করে। জেরভিনহোর বাবা নিজে চেয়েছিলেন ফুটবলার হতে। কিন্তু দারিদ্র্যের কশাঘাতে নুন আনতে যখন পান্তা ফুরোয়, তখন ফুটবল তো তাঁর কাছে স্বপ্নবিলাস! ফুটবলার হওয়ার স্বপ্নকে তাই নিজের হাতেই মারতে হয়েছে গলা টিপে। নিজে না পারলেও ছেলেকে ফুটবলার হিসেবে দেখতে চেয়েছিলেন বাবা। আবিদজানের সোল বেনি একাডেমিতে ভর্তি করিয়ে দিয়ে বাবাই বিছিয়ে দেন তাঁর স্বপ্নপূরণের সিঁড়িটা।

জেরভিনহো অবশ্য আজকের জেরভিনহো হয়ে ওঠার পেছনে সবার আগে নিতে পারেন দুজনের নাম। প্রথমত সোল বেনি একাডেমির প্রতিষ্ঠাতা জাঁ-মার্ক গুইলো, যাঁর অধীনে পেয়েছেন ফুটবলের প্রথম পাঠ।  বিশালাকার ‘জেরভাও ইয়াও কোয়াসি’ নামটাকে ছেঁটে ‘জেরভিনহো’ নামটিও তাঁরই দেওয়া! একাডেমিতে প্রথম তিন বছর জুতো ছাড়াই খেলতে হয়েছে। জুতো পায়ে খেলার যোগ্য হতে হবে তো আগে!  ওই একাডেমিতেই সতীর্থ হিসেবে পেয়েছেন সলোমন কালু, তোরে ভাইদের। একাডেমির স্মৃতি এখনো অম্লান জেরভিনহোর মনে, ‘আটটি বছর সেখানে কাটিয়েছি। কখনো ও মুহূর্তগুলো ভুলব না।’

জেরভিনহো পরে পাড়ি জমান বেলজিয়ামের অখ্যাত ক্লাব বেভারেনে। অধ্যবসায়ের চূড়ান্ত পরীক্ষা হলো সেখানে, ‘বাবা-মাকে ছেড়ে একা থাকতে খুব কষ্ট হতো। প্রতি রাতেই তাঁদের সঙ্গে ফোনে কথা বলতাম। বেলজিয়ামের তীব্র শীতের সঙ্গে মানিয়ে নেওয়াটা ছিল খুবই কঠিন।’ জেরভিনহোর জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ মানুষটা হলেন কোচ রুডি গার্সিয়া। এই মানুষটাই একতাল মাটি ছেনে মূর্তি গড়েছেন। এখনো গার্সিয়াই তাঁর সবচেয়ে প্রিয় কোচ। তাঁর অধীনেই জেরভিনহো লিলের হয়ে জেতেন ফ্রেঞ্চ লিগ। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নজর কাড়েন সবার। তারপর আর্সেনালে দুই মৌসুম কাটিয়ে এখন গাঁটছড়া বেঁধেছেন ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে।

জেরভিনহোকে এখন আর না খেয়ে থাকতে হয় না। তাঁর বাবার এখন আর উদয়াস্ত পরিশ্রম করার দরকার নেই। নিরুদ্বিগ্ন মনে তিনি অবসর জীবন কাটাতে পারেন। মা-ই দেখেশুনে রাখতে পারেন সংসারটাকে। জেরভিনহোকে নিয়ে তাঁর বাবা-মা এখন ভীষণ গর্বিত। আইভরিকোস্টের জনগণেরও তাঁকে নিয়ে গর্বের সীমা নেই। লিলের হয়ে শিরোপা জয়ের পর গান বাঁধা হয়েছিল তাঁকে নিয়ে। যুদ্ধপীড়িত দেশের মানুষেরা টিভি পর্দায় একজন আইভরিয়ানের হাতে লিগ শিরোপা দেখে যেন ভুলে গিয়েছিল সব দুঃখ!

আজ প্রচারের সব আলো জেরভিনহোকে ঘিরে। জাপানের বিপক্ষে দলকে জিতিয়েছেন দুর্দান্ত হেডে গোল করে। কলম্বিয়ার বিপক্ষে তাঁর দল জয় না পেলেও ডি-বক্সে ঢুকে একক প্রচেষ্টায় তিন ডিফেন্ডারকে কাটিয়ে যে গোলটি করলেন, তা এই বিশ্বকাপের অন্যতম সেরা গোল। একসময় ছেলের জন্য বুট কেনার সামর্থ্য ছিল না জেরভিনহোর বাবার। আজ গ্রিসের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে তাঁর ছেলের বুটের দিকেই বুকভরা প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকবে আইভরিয়ানরা। এএফপি।