কানাডা সবচেয়ে বেশি ছয়টি ম্যাচ জিতেছে বারমুডার বিপক্ষে। দ্বিতীয় সর্বোচ্চ জয় কেনিয়ার বিপক্ষে, যা আগে ছিল চারটি। কাল হলো পাঁচ। কেনিয়ার বিপক্ষে আগের ১২ ম্যাচের সাতটিই অবশ্য হেরেছে কানাডা। সবই ভুলে যাওয়ার কথা কালকের ৫ উইকেটের জয়ে। বিশ্বকাপ ইতিহাসে এটি কানাডার দ্বিতীয় জয়। প্রথমটি এসেছিল বাংলাদেশের বিপক্ষে, ২০০৩ বিশ্বকাপে।বিশ্বকাপে এই দুই দলের লড়াইয়ে খুব বেশি যে আগ্রহ ছিল ক্রিকেটপ্রেমীদের, সেটা বলা যাবে না। তবে দুই দলের মধ্যে একটা অলিখিত লড়াই ঠিকই ছিল। কালকের ম্যাচটা দুই দলের কাছেই ছিল কিছু পাওয়ার ম্যাচ, মর্যাদারও। সেই মর্যাদার লড়াইয়ে অবশ্য জয় হলো কানাডারই।দিল্লির ফিরোজ শাহ কোটলায় কাল একটা সময় মনে হয়েছিল, সহজেই জয় পেয়ে যাবে কানাডা। ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে কেনিয়া তখন গভীর খাদে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে কেনিয়া তুলল ১৯৮। লড়াই করার মতো স্কোর অবশ্যই।৪৮ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল কানাডাও। কিন্তু সেখান থেকে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান অধিনায়ক আশিস বাগাই ও জিমি হান্সরা। চতুর্থ উইকেটে ১৩২ রানের জুটি গড়েছেন এই দুজন। দলকে ১৮০ রানে রেখে হান্সরা আউট হয়েছেন ব্যক্তিগত ৭০ রানে। বিশ্বকাপে কানাডার এটি তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান। আগের দুটি ছিল জন ডেভিসনের (১১১ ও ৭৫)।কেনিয়া এ নিয়ে এবারের বিশ্বকাপে চারটি ম্যাচেই হারল। আগের তিন ম্যাচে পরাজয় পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের কাছে। কানাডা আগের তিন ম্যাচে হেরেছে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে আর পাকিস্তানের বিপক্ষে।কানাডার পক্ষে পরের দুই ম্যাচ খুবই কঠিন, প্রতিপক্ষ যে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। সেটা ভেবে দেখলে এটিই হয়তো কানাডার জন্য এবারের বিশ্বকাপের একমাত্র জয়ের স্বাদ।