খালি হাতেই ফিরছে পাকিস্তান
‘বি’ গ্রুপের পয়েন্ট তালিকা নীরবে বলছিল, এ ম্যাচের কোনো মূল্য নেই।মহেন্দ্র সিং ধোনির হিসাব হলো, আর দুটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ঘরে ফিরবে ভারত। সেই দুই ম্যাচের মধ্যে বার্মিংহামের এই ওয়ানডে ছিল না।তবু এজবাস্টনের গ্যালারি-ভর্তি দর্শক, মাঠে মুম্বাই থেকে উড়ে আসা বলিউডি তারকারা। কে বলল ‘ডেড রাবার’? ভারত-পাকিস্তান ম্যাচ বলে কথা।কিন্তু সেটা শুধু মাঠের বাইরেই। মাঠের লড়াইটা হলো বড় একপেশে। তাতে টুর্নামেন্টে দুই দলের পার্থক্যটাকে স্মরণ করিয়ে দিয়ে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারত জিতল ৮ উইকেটে। টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে পড়া পাকিস্তানকে ‘মর্যাদার’ লড়াইয়েও হেরে বাড়ি ফিরতে হচ্ছে শূন্য হাতে।বার কয়েক বৃষ্টি এসে ম্যাচটি পণ্ড করে দেওয়ার হুমকি দিয়েছে। সেটা হলেও অন্তত ‘চিরশত্রু’দের বিপক্ষে হারের লজ্জা থেকে বেঁচে যেত মিসবাহর দল। বাড়ি ফিরতে পারত একটা পয়েন্ট নিয়েও। কিন্তু মিসবাহদের দুর্ভাগ্য, বারবার হানা দিয়েও বৃষ্টি ম্যাচটা ভাসিয়ে নিতে পারেনি। শুরুটা হয়েছিল ঠিক সময়েই। কিন্তু টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের পথে কয়েক দফা বৃষ্টিতে ৫০ ওভারের খেলা কমে ৪০ ওভারে নেমে আসে। সেই ৪০ ওভার শেষ হওয়ার দুই বল আগেই পাকিস্তান ১৬৫ রান করে অলআউট। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৪০ ওভারে ভারত পায় ১৬৭ রানের লক্ষ্য। তবে ধোনির দলের যা ফর্ম, তাতে এ ম্যাচের ভাগ্য আন্দাজ করা কঠিন কিছু ছিল না। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটাও হয়েছে দারুণ। কিন্তু ভারতের ইনিংসেও আরেক দফা বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। তার আগেই ১১.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৬৩ রান তুলে ফেলে ভারত। আবার খেলা শুরু হলে ভারতের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ২২ ওভারে ১০২। মানে বাকি ১০.৩ ওভারে তাদের চাই আর ৩৯ রান। ভারত বাকি পথটুকু পাড়ি দিয়েছে ১৭ বল হাতে রেখেই। অবশ্য আরও একটি উইকেটও হারাতে হয়েছে তাদের। ৫৮ রানের উদ্বোধনী জুটি এনে দিয়ে রোহিত শর্মা ফিরে গিয়েছিলেন আগেই। পরে আউট হয়েছেন শিখর ধাওয়ান। প্যাভিলিয়নের পথে প্রথম দুই ম্যাচেই সেঞ্চুরি করা ধাওয়ানের সঙ্গী হয়েছে দুই রানের জন্য হাফসেঞ্চুরি মিসের হতাশা। বাকি কাজটুকু অনায়াসেই সেরে বিরাট কোহলি ও দিনেশ কার্তিক নিশ্চিত করেছেন চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম জয়।আগের দুই ম্যাচে পাকিস্তানের ব্যাটিংয়ের যে চেহারা দেখা গেছে, কাল তার চেয়ে খুব একটা আলাদা কিছু হয়নি। পার্থক্য শুধু ওই দুই ম্যাচে বাকি সবাই ব্যর্থ হলেও অন্তত নাসির জামশেদ আর অধিনায়ক মিসবাহ-উল-হক রান পেয়েছিলেন। কাল তাঁরাও ব্যর্থ। প্রথম ম্যাচে শূন্য করে পরের ম্যাচেই বাদ পড়ে গিয়েছিলেন আসাদ শফিক। কাল আবারও দলে ফিরে ভারতীয় বোলারদের বিরুদ্ধে একাই কিছুক্ষণ লড়লেন। তাঁর লড়াই (৫৭ বলে ৪১) থেমে যাওয়ার আগে-পরে উইকেটে আসা-যাওয়ার মিছিল করেছেন পাকিস্তানের বাকি ব্যাটসম্যানরা। মেঘলা আকাশের নিচেও রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা বল ঘোরালেন দারুণ। টুর্নামেন্টে নিজেদের ধারাবাহিকতাটা দেখিয়েছেন পেসার ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মারাও। এই চারজনেই নিয়েছেন দুটি করে উইকেট। পাকিস্তানের প্রথম দুটি উইকেটই নিয়ে শুরুটা করেছিলেন ভুবনেশ্বর। ৮ ওভারে রানও দিয়েছেন মাত্র ১৯, যা তাঁকে এনে দিয়েছে ম্যাচসেরার পুরস্কার। ক্রিকইনফো।