খালিহাতে চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ ম্যাচে একটাই মাত্র জয়। কাল শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আরেকটা জয় সান্ত্বনা হতে পারত সাইক্লোনস অব চিটাগংয়ের জন্য। ঢাকা ডায়নামাইটস সেটা হতে দিলে তো! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এনসিএল টি-টোয়েন্টি লিগে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে তারা সাইক্লোনস অব চিটাগংয়ের বিপক্ষে। জয়টা ১৭ রানের।জুমার নামাজের কারণে বেলা একটার খেলা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল আগের দিনই। কিন্তু কাল খেলা শুরুর আগে এ নিয়ে প্রতিবাদী হয়ে উঠে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় সাইক্লোনস অব চিটাগং। টুর্নামেন্ট কমিটির অনেকের অনুরোধে বেলা আড়াইটায় মাঠে নামে তারা, ঢাকা ডায়নামাইটসকে ১৫৫ রানে আটকে রেখে হয়তো দেখেছিল জয়ের সম্ভাবনাও। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রানই তুলতে পারে সাইক্লোনস। বাঁহাতি ব্যাটসম্যান ফয়সাল হোসেন ৩৭ বলে সর্বোচ্চ ৪৩ রান করলেও অন্যদের মধ্যে তামিম ইকবালের ২৪ বলে ২৩ রানই সর্বোচ্চ। ফিল্ডিংয়ের সময় হাতে ব্যথা পাওয়ায় কাল ওপেনিংয়ে না নেমে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তামিম।ঢাকা ডায়নামাইটস অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বল হাতে সফল কালও—২২ রানে নিয়েছেন ৩ উইকেট। ১৪ বলে ২০ রান করে এদিন ব্যাট হাতেও টুর্নামেন্টে নিজের সেরা পারফরম্যান্স দেখালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। দলের পক্ষে সর্বোচ্চ রানটা অবশ্য শ্রীলঙ্কান ক্রিকেটার জীবন মেন্ডিসের ৩২। হারলেও সাইক্লোনস অব চিটাগংয়ের সান্ত্বনা রুবেল হোসেনের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ৩২ রানে ৫ উইকেট নিয়েছেন, ৫টিই বোল্ড। ১৭ ও ২০তম ওভারে দুবার হ্যাটট্রিকেরও সম্ভাবনা জাগিয়েছিলেন জাতীয় দলের এই পেসার।ঢাকা ডায়নামাইটস সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। সাইক্লোনস অব চিটাগংয়ের জন্য টুর্নামেন্টটা শেষ হয়ে গেল কালই।