খুঁড়িয়েই শুরু ফ্রান্সের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা পরাজয় ও ড্র দেখতে দেখতে যেন অভ্যস্ত হয়ে উঠেছেন রেমন্ড ডমেনেখ। ফ্রান্স হারুক আর ড্র করুক, ডমেনেখ আর হতাশ হন না। বলেন, দল উন্নতি করছে। সেই ডমেনেখ এদিন হতাশ হলেন! হতাশ হলেন বিশ্বকাপ অভিযানটা জয় দিয়ে শুরু করতে না পারায়, ‘এই ম্যাচে জিততে না পারাটা হতাশার। অবশ্যই আমি ১-০ গোলের জয় দেখতে চাচ্ছিলাম। কিন্তু হলো না।’যেভাবে সুযোগ পেয়েও নষ্ট করে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করেছে, তাতে ফরাসিদের আসলেই আফসোস করার যুক্তি আছে। শেষ ১০ মিনিট ১০ জনের উরুগুয়েকে পেয়েও গোলশূন্য ড্র ম্যাচ নিয়ে মাঠ ছাড়তে হলো ফ্রান্সকে।হা-হুতাশ আছে, তার পরও দলের খেলায় সন্তুষ্ট অধিনায়ক প্যাট্রিক ইভরা। তিনি বলছেন, পাওনা জয়টা না পেলেও উরুগুয়ের তুলনায় তাঁরা অনেক ভালো খেলেছেন, ‘আমি আমাদের সামগ্রিক পারফরম্যান্সে খুশি। সত্যিই জয়টা আমাদের পাওনা ছিল। কয়েকটা ফ্রি-কিক ছাড়া আমি তো উরুগুয়ের খেলায় বিপজ্জনক কিছু দেখলাম না।’এই কথায় জোর আপত্তি উরুগুয়ের। ইভরা যেভাবে ম্যাচে উরুগুয়ের অস্তিত্বই অস্বীকার করলেন, তা মানতে নারাজ উরুগুয়ে কোচ অসকার তাবারেজ, ‘ফ্রান্সের ইতিহাস ও তাদের অর্থনৈতিক শক্তির কথা বিবেচনা করে আমি এই ড্রতেই খুশি। ড্রটা আমাদের প্রাপ্য ছিল।’যদিও তাবারেজের দুই বড় সৈনিক ডিয়েগো ফোরলান ও ডিয়েগো লুগানো মানছেন, তাঁদের আরও উন্নতি করতে হবে। লুগানোর চোখে তাঁর দল ফ্রান্সের বিপক্ষে ভালোই খেলেছে, ‘কিছু জায়গা আছে, যেখানে আমরা উন্নতি করতে পারি। আবার এই ম্যাচেই অনেক জায়গাতে আমরা খুব ভালো করেছি।’ফোরলান মানছেন তাঁরা ভালো খেলেছেন, তবে ফ্রান্স যে বিপজ্জনক হয়ে উঠেছিল, সেটাও মনে করিয়ে দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের এই তারকা, ‘দু দলই ভালো খেলেছে। তবে ওরা, বিশেষ করে আমাদের একজন লাল কার্ড দেখার পর থেকে, একটু বেশি বিপজ্জনক ছিল।’ফ্রান্সের বিপক্ষে ম্যাচে উরুগুয়ের বলার মতো যা কিছু, তা এই ফোরলানই। কয়েকবার করে ফ্রান্সের ডিফেন্সকে একটু চমকে দিয়েছেন লা লিগার এই তারকা। এ ছাড়া ম্যাচটা প্রকৃতপক্ষে ফ্রান্সেরই দখলে ছিল।দখলে থাকা ম্যাচটা যে জিততে পারল না, সে জন্য ফরাসিরা ছয় মিনিটেই সিডনি গোভুর মিসটাকে দায় দিতে পারেন। মাঝমাঠ থেকে বল নিয়ে উরুগুয়ের ডিফেন্সকে বোকা বানিয়ে বাম পাশ থেকে দারুণ ক্রস বাড়িয়েছিলেন ফ্রাঙ্ক রিবেরি। একেবারে গোলপোস্টের মুখে দাঁড়িয়ে থাকা গোভু বলটাকে জালে পাঠাতে পারলেন না। ফরাসিরা দায় দিতে পারে উরুগুয়ে গোলরক্ষক ফার্নান্দো মুসলেরাকেও। প্রথমার্ধেই জুরকাফের বাঁক নেওয়া ফ্রি-কিক ঠেকিয়ে দিয়েছিলেন তিনি।তবে ফরাসি সমর্থকেরা ম্যাচ জিততে না পারায় বেশি দায় দিচ্ছে কোচকেই। দারুণ ফর্মে থাকা চেলসি তারকা ফ্লোরেন্ত মালুদাকে ডমেনেখ কেন প্রথম একাদশে রাখলেন না, সে নিয়ে প্রশ্ন উঠে গেছে। প্রথম একাদশে ছিলেন না থিয়েরি অঁরিও।অঁরি থাকবেন না, এটা অনুমিতই ছিল। কিন্তু মালুদার বদলে মিডফিল্ডে শুরু থেকে ছিলেন আবু দিয়াবি আর অঁরির জায়গায় ছিলেন আনেলকা। দুজনের কেউই বলার মতো কিছু করতে না পারায় দ্বিতীয়ার্ধের শেষ দিকে জুরকাফকে তুলে মালুদাকে এবং আনেলকাকে তুলে অঁরিকে মাঠে নামিয়েছিলেন ডমেনেখ। তাতেও ভাগ্যের পরিবর্তন হয়নি। তার পরও সমালোচকেরা বলছেন, মালুদা শুরু থেকে মাঠে থাকলে ফল অন্য রকম হতে পারত। ডমেনেখ এই সমালোচনার জবাব দিয়েছেন, ‘আমার দলে ২৩ জন খেলোয়াড় আছে। যাদের সবার সম্পর্কে আমার ভালো ধারণা আছে।’কোচের এই ভালো ধারণায় কাজ হয়নি। ৮০ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল উরুগুয়ের নিকোলাস লোডেইরোকে। কিন্তু এর সুবিধাও নিতে পারল না ফ্রান্স। আবার ২০০২ ফিরে আসছে নাকি? এএফপি।