
৫৫ ওভারে ২২৮ রান—টেস্টের প্রথম দিন বিবেচনায় এই রান দারুণ। তবে উইকেট একটু বেশি পড়ে গেছে। শেষ ১০-১৫ মিনিটে সাকিব-তামিমের উইকেট দুটো না হারালে প্রথম দিনটি পুরোপুরি আমাদের হতো। তার পরও যা হয়েছে, খুব খারাপ বলব না, আবার খুব ভালোও নয়। প্রথম দিনে দুই দলকে সমতায় রাখা যায়।
উইকেটগুলো ছুড়ে না এলে আমরা নিশ্চিতভাবেই অনেক ভালো অবস্থানে থাকতাম। নিউজিল্যান্ডের বোলাররা চট্টগ্রামের চেয়ে ভালো বোলিং করেছে। কিন্তু মার্শাল আইয়ুব ছাড়া বাকি চার ব্যাটসম্যানই উইকেট উপহার দিয়ে এসেছে। তিনজন ব্যাটসম্যান মাইলফলকের কাছে গিয়ে আউট। মমিনুল গত টেস্টেই বড় একটা ইনিংস খেলেছে। আজ হুট করে বাজে একটা শট খেলে ফেলেছে। মার্শাল ঘরোয়া ক্রিকেটে লম্বা ইনিংসের জন্যই পরিচিত। আমরা সবাই জানি, একবার সেট হলে ওকে আউট করা মুশকিল। কিন্তু টেস্টে এসে তিন ইনিংসেই সেট হওয়ার পর আউট হলো মার্শাল। জানি না, কেন এমন হচ্ছে?
হতে পারে, টেস্ট ক্রিকেটের চাপে ক্ষণিকের জন্য মনোযোগ হারিয়ে ফেলছে। আর তিন নম্বরে খেলার অভ্যাসও খুব একটা নেই ওর। তবে একটা ইতিবাচক দিক, অন্তত কিছু রান করছে। যতক্ষণ উইকেটে থাকছে, খুব ভালো খেলছে। টেস্ট ক্রিকেটে এসে অথই সাগরে পড়েনি। আমি নিশ্চিত, শিগগিরই ওর কাছ থেকে বড় ইনিংস আসবে। আমি শুধু ওকে বলব, ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলে, টেস্টেও সেভাবে নিজের মতো খেলতে।
তামিমের জন্য খারাপ লাগছে। গতকালই ওকে বলছিলাম, ‘দেখিস, তুই কাল সেঞ্চুরি করবি।’ এত কাছাকাছি গেল, কিন্তু মুহূর্তের ভুলে সেঞ্চুরি হাতছাড়া। তিন বছর ধরে সেঞ্চুরি নেই, দেশের মাটিতেও হচ্ছে না। অথচ ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজে গিয়ে অনেক কঠিন কন্ডিশন ও বোলিং আক্রমণের বিপক্ষে ও সেঞ্চুরি পেয়েছে। তবে এতে খুব হতাশ হওয়ার কিছু নেই তামিমের। আমি নিজে দেখেছি, ব্যাটিং নিয়ে অনেক কাজ করছে ও, কষ্ট করছে। আর এমন নয় যে রান করছে না। রান ঠিকই পাচ্ছে, শুধু সেঞ্চুরির দেখাই মিলছে না। ব্যাটসম্যানদের ক্যারিয়ারে এমন সময় আসতেই পারে। মার্ক টেলরও একসময় অনেক দিন টানা সেঞ্চুরি পাচ্ছিল না। পরে দারুণভাবে ফিরেছে। তামিমও ফিরবে। আরও অনেক সেঞ্চুরি করবে।
বাঁহাতি পেসার খেলার অভিজ্ঞতা আমাদের খুব বেশি নেই। তার পরও আজ নিউজিল্যান্ডের তিন বাঁহাতিকে খেলতে খুব বেশি সমস্যা হয়নি, কারণ আমাদের প্রস্তুতি ভালো ছিল। আগে থেকে জানা ছিল বলেই শেন জার্গেনসেন নেটে যথাসম্ভব বাঁহাতি পেস খেলিয়েছে সবাইকে। সেটা কাজে দিয়েছে। উইকেটগুলো ছুড়ে না এলে সেটি আরও ভালো বোঝা যেত।
প্রথম দিনে উইকেট ব্যাটিং সহায়কই থাকল। তবে অভিজ্ঞতা থেকে জানি, মিরপুরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা অনেক কঠিন। প্রথম ইনিংসে ভালো একটা রান তাই খুব জরুরি। আমাদের এখনো সামর্থ্য আছে অন্তত সাড়ে তিন শ, চার শ করার। মুশফিক ও নাসিরের জুটিটা তাই গুরুত্বপূর্ণ। ওরা যদি অন্তত তিন শ পার করতে পারে, সোহাগ-রাজ্জাকরা দলকে চার শর কাছাকাছি নিয়ে যেতে পারবে। প্রথম ইনিংসে বাংলাদেশ চার শর ঘরে গেলে উইকেট ভালো থাকলেও নিউজিল্যান্ড চাপে পড়ে যাবে। গত টেস্টের অভিজ্ঞতায় বাংলাদেশের স্পিনারদের খেলার ব্যাপারটি ওদের মাথায় কাজ করবে। আজ নাসির-মুশফিক জুটি তাই খুব গুরুত্বপূর্ণ। আশা করি, ওরা একটি বড় জুটি উপহার দেবে।